পাকিস্তানের ওপর রাগ নেই ব্রডের
২০১০, ইংল্যান্ড-পাকিস্তান, লর্ডস...নিশ্চয়ই বলবেন স্পট ফিক্সিং কেলেঙ্কারি টেস্ট! সেটাই হওয়ার কথা। নয় নম্বরে নেমে ১৬৯ করেছিলেন স্টুয়ার্ট ব্রড, ১০২ রানে ৭ উইকেট পড়ার পর জোনাথন ট্রটের সঙ্গে গড়েছিলেন ৩৩২ রানের বিশ্ব রেকর্ড জুটি—এসব কয়জনেরই বা মনে আছে! কলঙ্কিত তিনজনের একজন মোহাম্মদ আমির পেয়েছিলেন ৬ উইকেট, ইনিংস ব্যবধানে জিতে ইংল্যান্ড সিরিজ জিতেছিল ৩-১ ব্যবধানে—এ সবকিছু আসলে চাপা পড়ে গেছে স্পট ফিক্সিংয়ের আড়ালে। ব্যক্তিগত-দলীয় সব অর্জনই যে হয়ে পড়েছে প্রশ্নবিদ্ধ। স্টুয়ার্ট ব্রডের ক্যারিয়ার-সেরা ইনিংসটার গ্রহণযোগ্যতাও তাই কমে গেছে খানিকটা।তবে নিজের বা দলের অর্জন প্রশ্নবিদ্ধ হওয়ায় পাকিস্তানের ওপর রাগ থাকতেই পারে ব্রডের। দেড় বছর পর আবার যখন মুখোমুখি হচ্ছে দুই দল, বারবার ঘুরেফিরে আসছে সেই সিরিজও। সেই বিতর্কও মনে করিয়ে দিচ্ছে সবাই। তবে ব্রড সব ভুলে তাকাতে চান সামনে, ‘আমার মনে হয়, ওই সিরিজটা পেছনে ফেলা জরুরি। অসাধারণ একটা গ্রীষ্মের শেষটা হয়েছিল বাজেভাবে, তিক্ততা কিছু তাই সব সময়ই থাকবে। দারুণ খেলে সিরিজ জিতেছিলাম আমরা, কিন্তু সেটা পরে আড়ালে চলে গেছে। তবে অতীতের রাগ বা ক্ষোভ নিয়ে এই সিরিজে খেলতে না নামাটা খুব গুরুত্বপূর্ণ।’ তার মানে বিশ্বের এক নম্বর টেস্ট দলের ভালো খেলার স্বার্থেই অতীত ভুলে যেতে চাইছেন ব্রড।চোটের কারণে মাস চারেক বাইরে থাকার পর পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়েই মাঠে ফিরছেন ব্রড। রোমাঞ্চিত ইংল্যান্ডের টি-টোয়েন্টি অধিনায়ক, ‘মনে হচ্ছে যেন স্কুলে আমার প্রথম দিন!’চোট পাওয়ার আগে দুর্দান্ত ফর্মে ছিলেন। দেশের মাটিতে ভারতকে হোয়াইটওয়াশ করা এবং ইংল্যান্ডের টেস্ট র্যাঙ্কিংয়ের চূড়ায় ওঠায় বড় ভূমিকা ছিল ২৫ বছর বয়সী পেসারের। ভারত সিরিজে হ্যাটট্রিকসহ নিয়েছিলেন ২৫ উইকেট। জানালেন, গত গ্রীষ্মে ক্রিকেটার হিসেবে তিনি আরও সমৃদ্ধ হয়েছেন, ‘ওই সময়টা ছিল আমার জন্য দারুণ শিক্ষণীয় এক অভিজ্ঞতা। সত্যিকার অর্থে প্রথমবারের মতো বাজে দুটি মাস কেটেছে আমার। শ্রীলঙ্কার বিপক্ষে উইকেটই পাচ্ছিলাম না। এরপর পুরোপুরি উল্টোটা হলো এবং সম্ভবত ক্যারিয়ারের সেরা সিরিজ কাটালাম। অনেক শিখেছি আমি, নিজেকে এখন আরও ভালো ক্রিকেটার মনে হয়।’ ওয়েবসাইট।