পাকিস্তানের কাছে অনূর্ধ্ব-১৯ দলের বড় হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ৩৮ রানের জয়। তবে ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে এসে হারের মুখ দেখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

পাকিস্তানের কাছে গতকাল ৮ উইকেটে হেরেছেন বাংলাদেশের তরুণেরা। অপরাজিত সেঞ্চুরি করে বাংলাদেশকে হারিয়ে দিয়েছেন পাকিস্তানি অধিনায়ক ও উদ্বোধনী ব্যাটসম্যান সামি আসলাম একাই।

এ ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। পুরো সময় ব্যাট করতে পারেননি বাংলাদেশি ব্যাটসম্যানরা। এক ওভার বাকি থাকতেই গুটিয়ে যায় ইনিংস। বাংলাদেশের সংগ্রহ তখন ১৯২ রান। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন জসিমউদ্দিন। উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ইসলামের সংগ্রহ ৪৬ রান। জয়রাজ শেখ করেন ২৫ রান। পাকিস্তানের হয়ে জিয়া-উল-হক তিনটি এবং মোহাম্মদ আফতাব ও কামরান গোলাম প্রত্যেকে দুটি করে উইকেট নেন।

১৯৩ রানের লক্ষ্যটা সহজই ছিল পাকিস্তানের জন্য। সামি আসলামের দুর্দান্ত ব্যাটিংয়ে সেই লক্ষ্যটা সহজ হয়ে যায় আরও। মাত্র দুটি উইকেট হারিয়েই  জয়ের দেখা পায় পাকিস্তান, ম্যাচে তখনো ৩৫ বল বাকি। একপ্রান্ত আগলে রেখে ১২০ রানে অপরাজিত থাকেন আসলাম। পাকিস্তানি অধিনায়কের ১৪২ বলের ইনিংসটি সাজানো ছিল ১৭টি চার ও একটি ছক্কা দিয়ে। তাঁর সঙ্গে ২২ রান নিয়ে অপরাজিত থাকেন হোসাইন তালাত। উদ্বোধনী ব্যাটসম্যান ইমরান বাট করেন ৩৪ রান। তিনি ফেরেন রানআউট হয়ে। ইমাম-উল-হকের সংগ্রহ ১৩ রান। বাংলাদেশের হয়ে অফস্পিনার মেহেদি হাসান ৪৩ রান খরচায় একটি উইকেট নেন। সূত্র: ক্রিকইনফো।