পাকিস্তানের কাছে বাংলাদেশ কঠিন প্রতিপক্ষই
মিরপুরে কাল রোববার বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপের আসর। এ লড়াইয়ের আগে পাকিস্তান দলের অধিনায়ক মিসবাহ-উল-হক জানিয়েছেন, স্বাগতিক বাংলাদেশকে হালকাভাবে নয়, বরং শক্ত প্রতিপক্ষ হিসেবেই দেখছেন তাঁরা।গত ডিসেম্বরে বাংলাদেশ সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ হেসে-খেলে জিতে নেয় পাকিস্তান। তবে সেই সুখস্মৃতি ছাপিয়ে পাকিস্তানি ক্রিকেটারদের মনে এখন ইংল্যান্ড সফরের ওয়ানডে সিরিজে ৪-০-তে ধবলধোলাই হওয়ার টাটকা স্মৃতি। স্বাভাবিকভাবেই সেই প্রসঙ্গটা আজ উঠে এসেছে শেরেবাংলা স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে।মিসবাহ বললেন, ‘প্রতিটি খেলা ও সিরিজ আলাদা। যে সিরিজে আমরা হেরেছি, সেটা আঁঁকড়ে থাকলে চলবে না। আমরা কিন্তু এর আগে টানা ছয়টা সিরিজও জিতেছি। আসলে এটাই ক্রিকেটের অংশ। শুধু এটুকু বলতে চাই, ওয়ানডে সিরিজের স্মৃতি ভুলে সামনে এগিয়ে যেতে চাই আমরা।’উদ্বোধনী ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশ সম্পর্কে মিসবাহর মূল্যায়ন, ‘দেশের মাটিতে বাংলাদেশ সব সময়ই কঠিন প্রতিপক্ষ। সর্বশেষ সফরে বাংলাদেশকে হারাতে আমাদের যথেষ্ট ভালো খেলতে হয়েছে। বাংলাদেশকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া যাবে না। যেকোনো ম্যাচেই ওরা অঘটন ঘটিয়ে দিতে পারে।’