পাকিস্তানের কাছে ৫ গোলে হারাও যখন বাংলাদেশের উন্নতি

পাকিস্তানের এজাজ আহমেদকে রোখার চেষ্টা করছেন বাংলাদেশের রাসেল মাহমুদ জিমি। ছবিঃ এএফপি
পাকিস্তানের এজাজ আহমেদকে রোখার চেষ্টা করছেন বাংলাদেশের রাসেল মাহমুদ জিমি। ছবিঃ এএফপি
এশিয়ান গেমসের হকিতে পাকিস্তানের বিপক্ষে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ। তবে এই হারেও আছে উন্নতি।


হকিতে পাকিস্তানের কাছে বাংলাদেশের হার খুবই স্বাভাবিক। তাই দেখা গেল আজ জাকার্তাতে। তবে গোলের ব্যবধান কিছুটা কমে এসেছে। কেননা, বাংলাদেশ হেরেছে ৫-০ গোলে। গত অক্টোবরে ঢাকায় এশিয়া কাপে এই পাকিস্তানের কাছেই ৭-০ গোলে উড়ে গিয়েছিল বাংলাদেশ।

আজ শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম মিনিটেই খেয়ে গেছে গোল। প্রথম কোয়ার্টারে গোল হয়েছে আরও একটি। পরের তিনটি কোয়ার্টারে বাংলাদেশ গোল হজম করেছে একটি করে। পাকিস্তানের প্রথম ও চতুর্থ গোলটি ফিল্ড গোল। বাকি তিনটি পেনাল্টি কর্নারে। প্রথম গোল ও শেষ গোলটি করেছেন আতিক মোহাম্মদ। দ্বিতীয় ও তৃতীয়টি আলী মুবাশ্বেরের। চতুর্থ গোলটি এসেছে শান আলির স্টিকে। বাংলাদেশ একটি পেনাল্টি কর্নার পেয়েও সেটি কাজে লাগাতে পারেনি।

বাংলাদেশ বরং সাধ্যমতো চেষ্টা করেছে রক্ষণভাগ সামলাতে। সেটি যে খুব খারাপ করেছে বলা যাবে না। পাকিস্তান পেনাল্টি কর্নারে কাজে লাগাতে তৎপর ছিল বেশি। এই পেনাল্টি কর্নারে পাকিস্তানকে আরেকটু প্রতিরোধ করতে পারলে গোল একটি কমও হতে পারত।

তারপরও এই হারে হতাশ নয় বাংলাদেশ। বরং মনে মনে কিছুটা স্বস্তি আছে ‘কম’ গোল খাওয়ায়। কোচ গোবিনাথন বলেন, ‘আমাদের অনেক ম্যাচ খেলতে হবে। নইলে এগোনো যাবে না। পাকিস্তানের মতো দলের সামনে অনবরত চাপের মুখে থেকে খেলা কঠিনই। আমরা প্রথমেই গোল খেয়েছি। দ্বিতীয় থেকে চতুর্থ কোয়ার্টার পর্যন্ত আমরা তিনটি গোল খেয়েছি। আমি বলব এটা খারাপ নয়।’

এই ম্যাচ হারলেও গ্রুপে তৃতীয় স্থান নিশ্চিত বাংলাদেশের। একই সঙ্গে ১২ দলের এই এশিয়াডে ষষ্ঠ স্থানও নিশ্চিত হয়েছে। বাংলাদেশ এই গেমসে এসেছে মূলত ষষ্ঠ হওয়ার লক্ষ্য নিয়েই। পঞ্চম হতে পারলে খুবই ভালো। এটাও ছিল মনে। সেই সুযোগও এসেছে। ১ সেপ্টেম্বর পঞ্চম স্থানের জন্য লড়তে হবে জাপান বা দক্ষিণ কোরিয়ার সঙ্গে। পঞ্চম হতে পারলে সেটি হবে এশিয়াডে বাংলাদেশের সেরা ফল।