বল ট্যাম্পারিংয়ের অভিযোগে দলকে জরিমানা দিতে হয়েছে ৫ রান। আর অভিযুক্ত ফ্যাফ ডু প্লেসিস পার পেয়ে গেছেন ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা গুনেই। একজন দক্ষিণ আফ্রিকান বলেই কি (পড়ুন সাদা চামড়ার) ডু প্লেসিসের এই লঘু দণ্ড, এই প্রশ্ন তুলে আইসিসিকে ধুয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা।
শোয়েব আখতার বলেছেন, ন্যায়বিচার করার ‘সৎ সাহস’ আইসিসির নেই। পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ একটু ঘুরিয়ে বলছেন, এশিয়ার কোনো খেলোয়াড় এই ঘটনার সঙ্গে জড়িত থাকলে আইসিসির শাস্তি আরও কঠোর হতো। আরেক সাবেক অধিনায়ক ওয়াকার ইউনিস বলেছেন, শাস্তি দেওয়ার ক্ষেত্রে ডু প্লেসিসের প্রতি উদারতা দেখানো হয়েছে। একই অপরাধের শাস্তির ক্ষেত্রে দ্বৈতনীতি কেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তুলেছে সেই প্রশ্ন।
শোয়েব-লতিফদের দাবিকে সমর্থন করে অতীত ইতিহাস। ২০০০ সালে প্রথম ক্রিকেটার হিসেবে বল ট্যাম্পারিংয়ের অভিযোগে শাস্তি পান ওয়াকার ইউনিস। এক ওয়ানডের জন্য নিষিদ্ধ হন। ২০০৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে শোয়েব আখতারকে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা, একই সঙ্গে দুটি ওয়ানডেতে নিষিদ্ধ করা হয়। ২০০১ সালে এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই বল ট্যাম্পারিংয়ের অভিযোগে শচীন টেন্ডুলকারকে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা ও এক টেস্টে নিষিদ্ধ করা হয়।
আর ২০০৬ সালের ওভাল-কাণ্ড তো ইতিহাসই হয়ে আছে। দুই আম্পায়ার হঠাৎ আবিষ্কার করেন বল ট্যাম্পারিং করা হয়েছে। কে তা করেছে, সেটা নিশ্চিত না হলেও ৫ রান জরিমানা করা হয় ফিল্ডিং দল পাকিস্তানকে। এ ঘটনায় পাকিস্তানের তখনকার অধিনায়ক ইনজামাম-উল হক চা-বিরতির পর দল নিয়ে মাঠে নামতেই অস্বীকৃতি জানান। পরে টেস্টটাই জিতিয়ে দেওয়া হয় ইংল্যান্ডকে। শহীদ আফ্রিদির ঘটনাটা আরও তরতাজা। ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচে একই অভিযোগে আফ্রিদি দুটি টি-টোয়েন্টিতে নিষিদ্ধ হন। যদিও আফ্রিদির বিপক্ষে বল বিকৃত করার সরাসরি অভিযোগ ছিল না। টিভি রিপ্লেতে দেখা যায়, আফ্রিদি বল কামড়াচ্ছেন। অথচ সদ্য সমাপ্ত দুবাই টেস্টের তৃতীয় দিনে ডু প্লেসিসের বিরুদ্ধে অভিযোগটা প্রকাশ্য। স্পষ্ট দেখা গেছে ট্রাউজারের জিপারে ঘষে বলের আকৃতি বদলানোর চেষ্টা করছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান।
ম্যাচ রেফারি ডেভিড বুনের ‘গুরু পাপে লঘু দণ্ড’ তাই খেপিয়ে তুলেছে পাকিস্তানিদের। শোয়েবের দাবি, ভবিষ্যতে কেউ ডু প্লেসিসের মতো অপরাধ করলে তাঁকে যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয়। ক্রিকইনফোকে ওয়াকার বলেছেন, ‘সত্যি বলতে কী, আমার মনে হয়, ফ্যাফকে ৫০ শতাংশ জরিমানা করাটা কমই হয়েছে। আমার মনে হয় হতাশা থেকেই দক্ষিণ আফ্রিকানরা এমনটা করেছে। তাদের এটা করার দরকার ছিল না। এটা দক্ষিণ আফ্রিকানদের বিশ্বাস্যযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।’
পিসিবির অন্তর্বর্তীকালীন সভাপতি নাজাম শেঠি টুইট করেছেন, বল ট্যাম্পারিংয়ের শাস্তির বিষয়ে অসংগতি কেন, পিসিবি তা জানতে চায়। আইসিসির কাছে এর ব্যাখ্যা চেয়ে চিঠি লিখবেন বলেও জানিয়েছেন শেঠি। ওয়েবসাইট।