পাকিস্তানের কোচ হতে চান শোয়েব আকতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ কিছুদিন ধরেই একজন বোলিং কোচের সন্ধানে আছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর এই দায়িত্বটি গ্রহণ করার আগ্রহ দেখিয়েছেন শোয়েব আকতার। সুযোগ পেলে পাকিস্তান ক্রিকেটে বেশ ভালো অবদান রাখতে পারবেন বলে বিশ্বাস করেন সাবেক এই পাকিস্তানি পেসার।গত মার্চে প্রধান কোচ হিসেবে ডেভ হোয়াটমোরকে নিয়োগ দেওয়ার পর থেকেই একজন বোলিং কোচের সন্ধানে নেমেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর এই পদে দায়িত্ব গ্রহণের জন্য পুরোপুরি প্রস্তুত আছেন বলে জানিয়েছেন ৩৭ বছর বয়সী শোয়েব। তিনি সংবাদিকদের বলেছেন, ‘আমি পাকিস্তানের পরবর্তী বোলিং কোচ হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। যদি পিসিবি আমার সঙ্গে যোগাযোগ করে, তাহলে আমি আমার সাধ্যমতো কাজ করার চেষ্টা করব।’১৯৯৭ সালে অভিষেকের পর খুব অল্প সময়ের মধ্যেই আলোচনায় এসেছিলেন শোয়েব আকতার। প্রচণ্ড দ্রুতগতিতে বল করে পেয়েছিলেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খেতাব। ৪৭টি টেস্টে খেলে ১৭৮টি ও ১৬৩টি ওয়ানডেতে ২৪৭টি উইকেট পেয়েছেন ডানহাতি এই পেসার। ক্যারিয়ারে বেশ কয়েকবার ইনজুরি ও নানাবিধ কেলেঙ্কারিতে জড়িয়ে হয়তো খুব বেশি সাফল্যমণ্ডিত হতে পারেননি শোয়েব। তবে এখন পাকিস্তানের তরুণ পেসারদের উন্নয়নে কাজ করতে পারাটা একটা বিরাট সুযোগ বলে মন্তব্য করেছেন তিনি। বলেছেন, ‘দেশের জন্য কিছু করতে পারাটা আমার জন্য খুবই সম্মানের ব্যাপার। আমি হয়তো পাকিস্তানের তরুণ বোলারদের উন্নয়নে ভালো অবদান রাখতে পারব।’— টাইমস অব ইন্ডিয়া