পাকিস্তানের কোচ হতে যাচ্ছেন ডেভ হোয়াটমোর
১৯৯৬ সালে শ্রীলঙ্কাকে বিশ্বকাপ শিরোপা জয়ের আনন্দে মাতিয়েছিলেন ডেভ হোয়াটমোর। ২০০৭ বিশ্বকাপে তাঁর কোচিংয়েই বাংলাদেশ পেরিয়েছিল প্রথম রাউন্ডের বাধা। এবার উপমহাদেশের আরেক ক্রিকেট শক্তি পাকিস্তানের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন সাবেক এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। চুক্তি স্বাক্ষর করতে ইতিমধ্যেই তিনি লাহোরে পৌঁছেছেন বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা।গত বছরের সেপ্টেম্বরে ওয়াকার ইউনুস পাকিস্তানের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর থেকেই নতুন কোচের সন্ধানে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এরপর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন সাবেক পাকিস্তানি ওপেনার মহসিন খান। এবার পাকাপোক্তভাবে হোয়াটমোরকে কোচ হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পিসিবির তিন সদস্যের কোচিং কমিটি। কমিটির প্রধান ইন্তিখাব আলম সাংবাদিকদের বলেছেন, ‘হোয়াটমোর ও জুলিয়েন ফন্টেইন পাকিস্তানে এসে পৌঁছেছেন। আর হোয়াটমোর পাকিস্তান দলের প্রধান কোচ হিসেবে চুক্তি স্বাক্ষর করবেন।’ জুলিয়েন ফন্টেইন ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে।চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে এই মাসেই শুরু হতে যাওয়া এশিয়া কাপে পাকিস্তান ক্রিকেট দলের নির্দেশনা দেবেন হোয়াটমোর।—টাইমস নিউজ নেটওয়ার্ক