পাকিস্তানের ক্যারিবীয় সফর নিয়ে অনিশ্চয়তা
আগামী জুন-জুলাইয়ে পাকিস্তান ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ক্রিকইনফো জানিয়েছে, সফরটা শেষ পর্যন্ত না-ও হতে পারে। আইসিসির ভবিষ্যত্ সফর পরিকল্পনা (এফটিপি) অনুযায়ী, জুন মাসের শেষ সপ্তাহে পাকিস্তান দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা। কিন্তু এ সময়ে ভারত ও শ্রীলঙ্কাকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা রয়েছে ক্যারিবীয়দের। এ অবস্থায় আগস্টে সিরিজটি আয়োজনের আগ্রহ দেখিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) প্রস্তাব দেয় ক্যারিবীয় বোর্ড। সমস্যা হলো, এ সময়টাতে ভারতকে নিয়ে সিরিজ আয়োজনে আগ্রহী পাকিস্তান। এ ছাড়া গত বছর স্থগিত হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটাও মাথায় রয়েছে পিসিবির।সার্বিক পরিস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ সফরের ভবিষ্যত্ সম্পর্কে ক্রিকইনফোকে পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফ বলেন, ‘এটা কঠিন পরিস্থিতি। আমরা চেয়েছিলাম এফটিপি অনুযায়ী খেলতে। কিন্তু এ সময়টাতে অন্য সিরিজ আয়োজনের পরিকল্পনা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। তাই সেটা হচ্ছে না।’পিসিবিপ্রধান বলেন, ‘এক সময় আমরা সফরটায় না যাওয়ার কথা ভেবেছিলাম। কিন্তু এখন আমরা পূর্ণ সিরিজ খেলতে চাই। ওয়েস্ট ইন্ডিজ ভালো দল, ক্যারিবীয় বোর্ডের সঙ্গে আমাদের সম্পর্কও বেশ উষ্ণ। আশা করছি, আগামী বছর একটা সময় বের করতে পারব আমরা।’