পাকিস্তানের গুল-ধাক্কা
শহীদ আফ্রিদি, মোহাম্মদ আসিফরা তো নিজেদের ফেবারিট বলছেনই, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে ফেবারিট বলছেন অ্যাডাম গিলক্রিস্টের মতো সাবেকেরাও। কিন্তু শিরোপা ধরে রাখার মিশনে নামার ১২ দিন আগেই বড়সড় একটা ধাক্কা খেল বর্তমান চ্যাম্পিয়নরা। ইনজুরির জন্য ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে খেলতে পারবেন না দলের বোলিং আক্রমণের সবচেয়ে বড় অস্ত্র উমর গুল ও অলরাউন্ডার ইয়াসির আরাফাত। দুজনের বদলি হিসেবে ঘোষণা করা হয়েছে অভিজ্ঞ মোহাম্মদ সামি ও দীর্ঘদেহী মোহাম্মদ ইরফানের নাম।গুলের অভাব পূরণ করাটাই বড় একটা চ্যালেঞ্জ হবে পাকিস্তানের জন্য। আন্তর্জাতিক টি-টোয়েন্টির সবচেয়ে বেশি উইকেটের মালিক বলেই নয়, আগের দুই বিশ্বকাপে দলকে ফাইনালে তুলতে বড় ভূমিকাই ছিল এই পেসারের। দুবারই হয়েছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি। গত বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ রানে ৫ উইকেট নিয়ে গড়েছেন টি-টোয়েন্টির সেরা বোলিংয়ের রেকর্ড, ৪ উইকেট পেয়েছেন আরও তিনবার। এমন একজনকে হারানোর ধাক্কা সামলে ওঠা সহজ হবে না পাকিস্তানের জন্য। টি-টোয়েন্টিতে ইয়াসির আরাফাতকেও কার্যকরী অলরাউন্ডার ধরা হয়, ছিলেন আগের দুই বিশ্বকাপের দলেও।গুলের দুর্ভাগ্যই সৌভাগ্য বয়ে এনেছে সামির জন্য। আইসিএল থেকে ফেরার পর বছরের শুরুতে গিয়েছিলেন অস্ট্রেলিয়া সফরেও। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত বোলিং করে আদায় করে নিয়েছেন নির্বাচক, কোচ ও অধিনায়কের আস্থা। তাঁকে দলে নেওয়ার পেছনে নাকি অধিনায়ক আফ্রিদির ভূমিকাই বেশি। ৩৪ টেস্ট ও ৮৩ ওয়ানডে খেললেও এখনো টি-টোয়েন্টি খেলা হয়নি সামির। অন্যদিকে এ মৌসুমেই প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়েছে ইতিহাসের সবচেয়ে লম্বা ক্রিকেটারদের একজন ইরফানের। ক্রিকইনফো প্রোফাইলে উচ্চতা লেখা আছে ৭ ফুট ১ ইঞ্চি, তবে শোনা যাচ্ছে আসল উচ্চতাটা ৬ ফুট ৮ থেকে ৭ ফুট ২ ইঞ্চির মাঝামাঝি। তবে শুধু উচ্চতার জন্যই নন, ২৭ বছর বয়সী এই বাঁহাতি পেসার দলে এসেছেন ঘরোয়া ক্রিকেটে ভালো করেই।বদলি দুজনকে নিয়েও অবশ্য হয়ে গেছে এক পশলা নাটক। নাম ঘোষণার পর বলা হয়েছিল বোর্ড প্রধানের সম্মতি এখনো পাওয়া যায়নি। পরে অবশ্য প্রধান নির্বাচক মহসিন খান বলেছেন, সম্মতি পাওয়া গেছে। ওয়েবসাইট।