পাকিস্তানের ‘ঘরের শত্রু’ হতে যাচ্ছেন তিনি

আজহার এখন পাকিস্তানের ঘরের শত্রু।ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বিশ্বকাপেই তিনি ছিলেন মিকি আর্থারের সহযোগী। দায়িত্ব পালন করেছেন পাকিস্তানের বোলিং কোচ হিসেবে। এবার তিনি দায়িত্ব পালন করবেন ইংল্যান্ড দলের হয়ে।

আজহার মেহমুদের কথা হচ্ছে। নব্বইয়ের দশকে পাকিস্তান দলের অন্যতম সেরা অলরাউন্ডার। ব্যাটে-বলে দলের অন্যতম প্রধান চরিত্র হয়ে উঠেছিলেন তিনি। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস কিংবা শোয়েব আখতারের সঙ্গে মেহমুদের ফাস্ট মিডিয়াম বোলিং ছিল প্রতিপক্ষের জন্য মাথাব্যথার কারণ। তবে খেলা ছেড়ে কোচিংকে পেশা হিসেবে নেওয়া সেই মেহমুদ ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান দলের মাথাব্যথার কারণ হতে পারেন। তিনি যে এ সিরিজে বাবর আজমদের ঘরের শত্রু হয়ে উঠবেন!

বিশ্বকাপের পর মিকি আর্থারের সঙ্গে চাকরি চলে যায় তাঁরও। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জাতীয় দলের কোচিং স্টাফদের চুক্তি আর বাড়ায়নি। ইংল্যান্ডের মাটিতে সারে আর কেন্টের হয়ে কাউন্টি ক্রিকেট খেলার অভিজ্ঞতা মেহমুদের নতুন চাকরিতে বড় অবদান রাখছে। টি-টোয়েন্টি সিরিজে তাঁর ওপর দায়িত্ব ইংলিশ বোলারদের ভুল-ত্রুটিগুলো শুধরে দেওয়া। পাকিস্তানি ব্যাটসম্যানদের দুর্বলতার জায়গাগুলো তাঁদের চোখে ধরিয়ে দেওয়া।

এদিকে টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ড পুরোপুরি ভিন্ন একটা দল নিয়ে খেলবে। করোনাভাইরাসের কারণে জৈব সুরক্ষা এখন খুবই গুরুত্বপূর্ণ। সে কারণেই টেস্ট দলের কাউকে টি-টোয়েন্টি সিরিজে দলে রাখা হচ্ছে না। এ ব্যাপারে ইংল্যান্ডের প্রধান নির্বাচক এড স্মিথ জানিয়েছেন, ‘এবারের গ্রীষ্মে জৈব সুরক্ষার অধীনে থাকা টেস্ট দলের ক্রিকেটারদের টি-টোয়েন্টি সিরিজে নেওয়া হবে না।’

বিভিন্ন সংস্করণে খেলা ক্রিকেটারদের বিশ্রাম দেওয়াও এর একটা উদ্দেশ্য, ‘আমরা বিভিন্ন ফরম্যাটে খেলা ক্রিকেটারদের বিশ্রাম দিতে চাচ্ছি। তবে এর পরেও আমাদের শক্তিশালী দল তৈরির জন্য খেলোয়াড় হাতে থাকবে।’