
টুর্নামেন্টে ভারতের শুরুটা দারুণ হলো। প্রথম ম্যাচটা সব সময়ই গুরুত্বপূর্ণ। ভারতের গ্রুপে যেহেতু শক্তিশালী কয়েকটি দল আছে, প্রতিটা জয়ই তাই ব্যবধান গড়ে দিতে পারে। প্রথম ম্যাচ জেতাটা স্নায়ুর ওপর থেকে চাপ অনেকটাই সরিয়ে নেয়। আশা করব, গ্রুপে শিরোপাপ্রত্যাশী বাকি দলগুলোর মুখোমুখি হওয়ার আগে পুরো দলকেই এটা স্বস্তি দেবে। পাকিস্তানের টি-টোয়েন্টি রেকর্ড সব সময়ই ভালো, টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসেই তারা সবচেয়ে ধারাবাহিক দলগুলোর একটি। কিন্তু তাদের মানতেই হবে, ভারতের কাছে তারা একতরফাভাবে হেরেছে।
ভালো দলের সঙ্গে পরাজয়ের অবশ্য লজ্জার কিছু নেই। টুর্নামেন্ট সবে শুরু হয়েছে, এই হারটা বরং পাকিস্তানের জন্য ঘুরে দাঁড়ানোর বার্তা হিসেবে কাজ করতে পারে। কিন্তু তাদের ব্যাটিংয়ে মনোযোগী হতে হবে, আরও ভালো করতে হবে সেখানে। পাকিস্তানকে ভালো করার জন্য খুবই উদ্দীপ্ত মনে হয়েছিল। কিন্তু নির্ভার থাকা ও অতি উত্তেজনার মধ্যকার ব্যবধানটা আসলে খুবই সূক্ষ্ম। ম্যাচ শুরু করার ৪০ মিনিট আগেই পাকিস্তান মাঠে শুরু করে দিয়েছিল ওয়ার্মআপ। তারা সেটি অনেকটা সময় ধরে করলেও কোনো লাভ অবশ্য হয়নি। উইকেটটাও তাদের জন্য চমক ছিল। মিরপুরে বাউন্সটা একটু বেশি ছিল, ইনিংসের শুরুতে তারা খেলাটা সে অনুসারে বদলায়নি। খেলার দ্বিতীয় ভাগে বিরাট কোহলির ইনিংসটাও তাদের তরুণ ব্যাটসম্যানদের দেখা উচিত। ভালো ব্যাটিং ও ভালো পারফরম্যান্স সব সময় সামর্থ্যের ওপর নির্ভর করে না, এটা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া ও সেই অনুসারে নিজের খেলা বদলে ফেলাও। ভারতের জন্য দিনটা ছিল নিখুঁত। প্রস্তুতি ম্যাচে আমি বেশ ভালো কিছু দেখেছি সেটি আগেই বলেছিলাম। যদি তারা এ রকম খেলতে পারে তাহলে তারা টুর্নামেন্টের বড় এক দাবিদার।
আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত। বল ঘুরলে ধোনির দলকে হারানো কঠিন হবে। ইংল্যান্ডে গত চ্যাম্পিয়নস ট্রফির কথাই মনে করুন। স্পিনিং ট্র্যাকে ভারত একটি ম্যাচেও হারেনি। বল ঘুরলে ভারতের বোলাররা উইকেট নেবেই। এ জন্যই এই টুর্নামেন্ট নিয়ে আমি ইতিবাচক। ওয়েস্ট ইন্ডিজ অবশ্য পাকিস্তানের চেয়ে কঠিন প্রতিপক্ষ। প্রস্তুতি ম্যাচে তারা খুব ভালো করেছে, দলটাও ভারসাম্যপূর্ণ। কিন্তু ভারতের সঙ্গে তাদের অন্যভাবে খেলতে হবে। সুনীল নারাইন ও স্যামুয়েল বদ্রির মতো বোলারদের এই কন্ডিশনটা উপভোগ্য। কিন্তু আসল কাজটা করতে হবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংকেই। অমিত মিশ্র সম্প্রতি ভালো করছে। এই সংস্করণে তার বলের বৈচিত্র্যই ওয়েস্ট ইন্ডিজের জন্য হুমকি হতে পারে। পার্থক্যটা হচ্ছে আজ তাকে কয়েকজন বাঁহাতির বিপক্ষে বল করতে হবে। এই বৈচিত্র্য পাকিস্তানের ব্যাটিংয়ে ছিল না। পাকিস্তানের সঙ্গে তিন স্পিনার নিয়ে নামাটা আসলেই সাহসী সিদ্ধান্ত ছিল। টুর্নামেন্টের আগে আমি এটা ভাবতেই পারিনি। ধোনিও অধিনায়ক হিসেবে ভালো করেছে। মাঝে মাঝে বিশ্রাম তাকে নতুন করে আবিষ্কার করতে সাহায্য করে। এই সংস্করণটা ধোনি পছন্দও করে। এখানে তাকে আরও বেশি প্রাণবন্ত মনে হচ্ছে।