‘পাকিস্তানী জনসাধারণের জন্য এটা খুবই অপমানজনক একটা পরিস্থিতি। এই লজ্জাজনক-বিব্রতকর অবস্থার মুখে এ দেশের মানুষের মনোবল যতোটা ভেঙে পড়েছে, সাম্প্রতিক সময়ের ভয়াবহ বন্যার পরও এমনটা হয়নি।’ সালমান বাটদের স্পট ফিক্সিং কেলেঙ্কারি নিয়ে কথাগুলো বলেছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ইমরান খান। এই স্পট ফিক্সিংয়ের বিষয়টাকে তিনি শুধু ক্রিকেট অঙ্গনের সমস্যা হিসেবে দেখতে চান না তিনি। বরং এটাকে গোটা পাকিস্তানের দুর্নীতিপরায়ন সমাজব্যবস্থা ও পিসিবির দুর্বল ব্যবস্থাপনার ফসল হিসেবেই বর্ণনা করেছেন পাকিস্তানকে বিশ্বকাপ জেতানো কিংবদন্তি এই ক্রিকেটার।৯২ সালে ক্রিকেটকে বিদায় জানানোর পর সক্রিয়ভাবে রাজনীতিতে যোগ দেন ইমরান খান। বর্তমানে তিনি ‘তেহরিক-ই-ইনসাফ’ নামের একটি রাজনৈতিক দলের প্রধান। রাজনৈতিক অঙ্গনের নানারকম দুর্নীতি-অব্যবস্থাপনাও খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা আছে তাঁর। আর সেইসব অভিজ্ঞতার আলোকে তিনি বলেছেন, ‘গোটা স্পট ফিক্সিং অধ্যায়টার সবচেয়ে দুঃখজনক বিষয় হলো পাকিস্তানের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যে লোকগুলো বসে আছে, তারা প্রায় সবাই দুর্নীতিপরায়ন। আর এইরকম ঘটনাগুলো ঘটিয়ে আমরা আমাদের তরুণ সমাজকে আসলে কী বার্তা পাঠাচ্ছি?’পাকিস্তান ক্রিকেট বোর্ডের অর্ন্তকলহ আর চরম অব্যবস্থাপনার ফল হিসেবেই এই ঘটনাগুলো বারবার ঘটতে পারছে বলে মন্তব্য করেছেন ইমরান খান। পিসিবির কঠোর সমালোচনা করে তিনি বলেছেন, ‘১৯৯৫ সালে যখন একবার ম্যাচপাতানোর অভিযোগ উঠল, বিষয়গুলো নিয়ে আইনি তদন্ত হলো, তখনও পিসিবি ব্যাপারটা ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে নি। তাদের মূল ভয় ছিল যে, কোন ক্রিকেটারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে দল হেরে যাবে আর বোর্ডের কর্মকর্তাদের বহিস্কার করা হবে। কিন্তু এর ফল ভালো হয় নি। আমরা এখন তার প্রমাণ হাতেনাতেই পাচ্ছি। আমাদের এমন একটা নির্বাচিত ক্রিকেট বোর্ড গঠন করতে হবে, যার সদস্যরা বহিস্কার হওয়ার ভয় না পেয়ে পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবে। যতদিন পর্যন্ত আমরা এধরনের একটা ক্রিকেট বোর্ড গঠন করতে পারব না, ততদিন এধরনের নানারকম বিতর্কের মুখোমুখি আমাদের হতে হবে।’— ওয়েবসাইট