পাকিস্তানের জন্য প্রস্তুত ধোনি
অস্ট্রেলিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের বাধাটা ভালোভাবেই টপকে গেছে এবারের বিশ্বকাপের অন্যতম ফেবারিট ভারত। যুবরাজ সিংয়ের অসাধারণ অলরাউন্ড পারফরমেন্সের ওপর ভর করে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে পেয়ে গেছে সেমিফাইনালের টিকিট। শেষ চারের লড়াইয়ে এবার ধোনিরা মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। দীর্ঘদিন পর ভারতের মাটিতে খেলতে যাচ্ছে পাকিস্তান। সেটাও আবার বিশ্বকাপ সেমিফাইনালের মতো একটা ‘হাই ভোল্টেজ’ ম্যাচে। ফলে ম্যাচটা ঘিরে দুই দলের ওপরই যে অত্যাধিক চাপ থাকবে, সেটা বলাই বাহুল্য। ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অবশ্য সেটার জন্য পুরোপুরি প্রস্তুত আছেন বলেই জানিয়েছেন।গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ উইকেটের জয়ের পর ধোনি বলেছেন, ‘ভারত-পাকিস্তান সেমিফাইনাল। এর চেয়ে বড় কিছু হতে পারে না। বিশ্বকাপটা আয়োজিত হয়েছে এ উপমহাদেশে। আর সেখানকারই দুটি দেশ মুখোমুখি হবে শেষ চারের লড়াইয়ে। অবশ্যই এটা খুব ভালো ব্যাপার। তবে আমার মনে হয় এই ম্যাচটায় চাপটা ভারতের ওপরই অনেক বেশি থাকবে। অনেকেই হয়তো বলবে, আমরা ফাইনাল নিয়ে ভাবতে চাই না, শুধু সেমিফাইনালটা জিতলেই হবে। কিন্তু সত্যিটা হচ্ছে, প্রতিটা ম্যাচই আমাদের জন্য সমান। তবে ভারতীয় মানুষের কাছে ক্রিকেটটা তাদের প্রাত্যহিক জীবনেরই একটা অবিচ্ছিন্ন অঙ্গ। ফলে আমাদের ওপর চাপটা অনেক বেশি। কিন্তু এখন পর্যন্ত আমাদের ক্রিকেটাররা সেই চাপ সামলে ভালোভাবেই খেলে যাচ্ছেন।’গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে নিয়মিত ক্রিকেটার ইউসুফ পাঠানকে বাদ দিয়ে সুরেশ রায়নার দলে অন্তর্ভুক্তির বিষয়টি অনেককেই অবাক করেছিল। কিন্তু ম্যাচ শেষে এ সিদ্ধান্তের কার্যকারিতা বুঝে নিতে কারোরই বিন্দুমাত্র সময় লাগেনি। ষষ্ঠ উইকেটে যুবরাজ সিংয়ের সঙ্গে ৭৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ভারতকে জয়ের বন্দরে নিয়ে গেছেন এই বঁ-াহাতি ব্যাটসম্যান। ম্যাচ শেষে ধোনি বলেছেন, ‘সাত নম্বরে ব্যাট করতে নেমে ইউসুফ খুব ঝোড়ো ব্যাটিং করার চেষ্টা করে। কিন্তু কৌশলগতভাবে রায়না অনেক ধীরস্থির। সে পুরো ৫০ ওভার ব্যাট করতে পারে। সেই জন্যই আমরা রায়নাকে নির্বাচন করেছি। কিন্তু ইউসুফও খুব বিপজ্জনক ব্যাটসম্যান।’ ওয়েবসাইট।