পাকিস্তানের জয়ে আফ্রিদিরও জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শেষ ১০ ওভার...’ রস টেলরের এই দীর্ঘশ্বাসেই ফুটে উঠল কালকের পুরো ম্যাচ। ৬১তম ম্যাচে এসে প্রথম সেঞ্চুরি পেলেন মোহাম্মদ হাফিজ। পাকিস্তানের ইনিংসটা দাঁড়াল তাঁর ইনিংসেই। মন্থর উইকেটে দারুণ বোলিং করলেন পাকিস্তানের পেসাররা। নিজেদের ‘আসল’ ফিল্ডিং ভুলে কাল হঠাৎ দুর্দান্ত হয়ে উঠলেন পাকিস্তানিরা। কিন্তু দুদলের মধ্যে মূল পার্থক্য গড়ে দিয়েছে দুই ইনিংসের শেষ ১০ ওভার।ইনিংসের অর্ধেকের বেশি বল থেকে রান পায়নি কোনো দলই (পাকিস্তান ১৫১, নিউজিল্যান্ড ১৫৯)। কিন্তু শহীদ আফ্রিদি আর উমর আকমলের ঝড়ে শেষ ১০ ওভারে পাকিস্তান তুলেছে ১২৬ রান, ব্যাটিং পাওয়ার প্লেতে ৭২। নিউজিল্যান্ড ব্যাটিং পাওয়ার প্লেতে ৩৫, শেষ ১০ ওভারে ৬৩! ক্রাইস্টচার্চে পাকিস্তান তাই জিতল ৪৩ রানে, তিন ম্যাচ শেষে ছয় ম্যাচের সিরিজ এখন ১-১।দলের জয়ের পাশাপাশি আফ্রিদি জিতলেন একটা ব্যক্তিগত লড়াইও। খুব শিগগির বিশ্বকাপ অধিনায়কের নাম জানাবে পিসিবি। শোনা যাচ্ছে, ঘোষণা আসতে পারে চতুর্থ ম্যাচের আগেই। কাল আফ্রিদির কিছু করে দেখানোটা খুব জরুরি ছিল। সময়মতোই জ্বলে উঠলেন পাকিস্তান অধিনায়ক। উইকেটে গিয়েছিলেন ৪৪তম ওভারে, আউট হয়েছেন শেষ ওভারে। মাঝের ৩৪ বলে পাকিস্তান তুলেছে ৮৬ রান, এর মাঝে আফ্রিদি একাই ২৫ বলে ৬৫। চার-ছয় সমান পাঁচটি করে। ফিফটি ছুঁয়েছেন ১৯ বলে, নিউজিল্যান্ডের মাটিতে যেটি দ্রুততম (ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে যৌথভাবে)। এ নিয়ে পাঁচবার ২০ বা তার কম বলে ফিফটি করলেন আফ্রিদি, ম্যাককালাম (দুবার) ছাড়া এই কাজ একাধিক বার করার কীর্তি নেই আর কারও। আফ্রিদির ‘প্রতিদ্বন্দ্বী’ মিসবাহ ৩৫ করেছেন ৬৪ বলে। ৩ উইকেট পড়ার পর নেমেছিলেন মানলেও ইনিংসটাকে সেকেলেই বলতে হয়।আফ্রিদি ও ‘ছোট’ আকমলের (২৯ বলে ৪৪) ঝড়ের আগে পাকিস্তানের ইনিংসটা একাই টেনেছেন হাফিজ। থিতু হওয়ার পর উইকেট ছুড়ে দেওয়ার দুর্নাম তাঁর সঙ্গী ক্যারিয়ারের শুরু থেকেই। তবে নব্বইয়ের দশককে মনে করিয়ে দেওয়া তাঁর ১৪৪ বলের ইনিংসটাই ছিল পাকিস্তানের ভিত্তি। নয়জন দুই অঙ্ক ছুঁয়েও ফিফটি করতে পারেননি কেউ, নিউজিল্যান্ডও চ্যালেঞ্জ জানাতে পারেনি পাকিস্তানকে। তথ্যসূত্র: নিও ক্রিকেট।সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান: ৫০ ওভারে ২৯৩/৭ (হাফিজ ১১৫, শেহজাদ ০, কামরান ৬, ইউনুস ১২, মিসবাহ ৩৫, উমর ৪৪, আফ্রিদি ৬৫, রাজ্জাক ৫*, ওয়াহাব ১*; বেনেট ২/৫৪, সাউদি ২/৫৭, মিলস ২/৬১, ওরাম ১/৫৫)। নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২৫০/৯ (গাপটিল ৩৯, হাউ ২৪, টেলর ৬, স্টাইরিস ৪৬, উইলিয়ামসন ৪২, ম্যাককালাম ১২, ওরাম ১৭, উডকক ১১, মিলস ১৭, সাউদি ১৩*, বেনেট ৪*; গুল ২/৩১, ওয়াহাব ২/৪৩, তানভির ২/৫৬, হাফিজ ১/২৫, আফ্রিদি ১/৪৫)। ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ হাফিজ।