পাকিস্তানের টানা ছয়!
তারকা ক্রিকেটারের সংখ্যা হিসাব করলে এই দলটা হয়তো পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে ‘দৈন্য’ দলগুলোর একটি বলে বিবেচিত হবে। কিন্তু এই দলটাই গড়ল ইতিহাস। এই নিয়ে টানা ছয়টি দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতল পাকিস্তান, অনেক বড় বড় তারকা নিয়েও আগে কখনো টানা এতগুলো সিরিজ জেতেনি দেশটি। এর আগে ২০০২ সালে টানা পাঁচটি দ্বিপক্ষীয় সিরিজ জিতেছিল পাকিস্তান।সেবার ওই ৫ সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন প্রথমে ওয়াকার ইউনুস ও পরে ইনজামাম-উল হক। এবার শুরুটা হয়েছিল শহীদ আফ্রিদির নেতৃত্বে নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে হারিয়ে। এরপর আফ্রিদির নেতৃত্বেই ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জয়। আফ্রিদি শর্তসাপেক্ষ অবসরে চলে যাওয়ার পর নেতৃত্ব পেলেন মিসবাহ-উল-হক। তাঁর নেতৃত্বে টানা জয় আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিপক্ষে।টানা জয়ের এই তালিকাটা দেখলে অনেকের কাছেই সাফল্যটাকে খুব বেশি বড় মনে হতে না-ও পারে। আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় তো খুব বড় কিছু নয়। কিন্তু পাকিস্তান বলেই এই সাফল্যটাকে বলতে হয় বিস্ময়কর। গত এক-দেড় বছরে পাকিস্তান ক্রিকেটে ঘটে যাওয়া ঘটনাপ্রবাহ তো আছেই। এর চেয়েও বড় কথা, পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় বাধা ছিল সব সময়ই নিজেরাই। প্রতিপক্ষ যেমনই হোক, টানা জয়ের ধারাবাহিকতা কখনোই খুব একটা দেখা যায়নি। চিরদিনের অনুনমেয় দলটিই এবার বিস্ময়কর রকমের ধারাবাহিক। এ বছর ৩১ ম্যাচের ২৩টিতে জিতল পাকিস্তান, সাফল্যের হার ৭৬.৬৬, ভাবা যায়! দ্বিপক্ষীয় সিরিজের বাইরে উল্লেখ করতে হয় বিশ্বকাপের কথাও। সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরেছে তারা। কিন্তু হাজারো বিতর্কে জর্জরিত দল সেমিফাইনালে পৌঁছাবে, এটাই বা বিশ্বকাপের আগে কজনই বা ভাবতে পেরেছিল!দলের এমন ধারাবাহিকতায় স্বাভাবিকভাবেই উল্লসিত ভারপ্রাপ্ত কোচ মহসিন খান, ‘দলের সবাইকে আমি এই কৃতিত্বের জন্য ধন্যবাদ জানাই। অবশ্যই এটা দারুণ গর্বের একটা মুহূর্ত। ছেলেরা খুব ভালো খেলছে।’ তবে এই পাকিস্তান যে অন্য রকম, এটাও বুঝিয়ে দিলেন পরের কথায়, ‘সব ভালো দলই জয়ের পর নিজেদের ঘাটতিগুলো নিয়ে ভাবে। আমরাও তা-ই করব। আর সিরিজ জিতে গেছি বলেই আমরা পরের ম্যাচটা হালকাভাবে নেব না। আমরা এখন ম্যাচ বাই ম্যাচ ভাবছি। প্রতিটি ম্যাচ জয়ই আমাদের লক্ষ্য।’দলের এমন ধারাবাহিকতা অনেকটা কৃতিত্ব মহসিন দিলেন অধিনায়ককে, ‘মিসবাহ দলকে দারুণভাবে নেতৃত্ব দিচ্ছে। ওর নেতৃত্বে দল ঐক্যবদ্ধ। এই সাফল্যের জন্য অবশ্যই ওর ধন্যবাদ প্রাপ্য।’