পাকিস্তানের টি-টোয়েন্টি দলে মালিক-কামরান
পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন কামরান আকমল ও শোয়েব মালিক। তবে চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ বা এশিয়া কাপ কোনো দলেই জায়গা হয়নি পেসার মোহাম্মদ ইরফানের। এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন আসাদ শফিক, ঢুকেছেন ফাওয়াদ আলম।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সফলতম দল পাকিস্তান। আগের চার আসরে একবার হয়েছে চ্যাম্পিয়ন, একবার রানার্সআপ। সেমিফাইনালে খেলেছে বাকি দুবার। এশিয়া কাপে তো বর্তমান চ্যাম্পিয়নই। কাল টুর্নামেন্ট দুটির জন্য যে দল দিয়েছে পাকিস্তান, তাতে সাবেক অধিনায়ক মালিক আর ‘বড়’ আকমলের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাওয়াটাই বড় খবর। এখন পর্যন্ত ওয়ানডে ও টি-টোয়েন্টি না খেলা মোহাম্মদ তালহার দুই দলেই থাকাটা একটা বড় চমক। সর্বশেষ ১১ ওয়ানডেতে একটি হাফ সেঞ্চুরি, আসাদ শফিক বাদ পড়েছেন এশিয়া কাপের দল থেকে।
কামরান সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন গত বছরের জুনে চ্যাম্পিয়নস ট্রফিতে। মালিক গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি দলে ফিরলেও চোটের কারণে আবার ছিটকে পড়েন। ওয়েবসাইট।
পাকিস্তানের এশিয়া কাপের দল: মিসবাহ-উল-হক (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, আহমেদ শেহজাদ, সারজিল খান, শহীদ আফ্রিদি, উমর আকমল, শোহাইব মাকসুদ, ফাওয়াদ আলম, সাঈদ আজমল, আবদুর রেহমান, জুনাইদ খান, উমর গুল, আনোয়ার আলী, বিলওয়াল ভাট্টি, মোহাম্মদ তালহা।
টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: মোহাম্মদ হাফিজ (অধিনায়ক), শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, সাঈদ আজমল, উমর গুল, সারজিল খান, শোহাইব মাকসুদ, জুনাইদ খান, বিলওয়াল ভাট্টি, সোহেল তানভির, উমর আকমল, জুলফিকার বাবর, মোহাম্মদ তালহা, কামরান আকমল, আহমেদ শেহজাদ।