পাকিস্তানের তিন ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লর্ডস টেস্টে স্পট কেলেঙ্কারির ঘটনায় অভিযুক্ত পাকিস্তানের তিন ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। লন্ডনে গতকাল শুক্রবার সকাল থেকে শুরু করে সন্ধ্যার পর পর্যন্ত সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফকে জিজ্ঞাসাবাদ চলে। তবে এখন পর্যন্ত কোনো ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেনি পুলিশ।ক্রিকেটারদের স্থানীয় আইনজীবী এলিজাবেথ রবার্টসন বলেন, ক্রিকেটারদের গ্রেপ্তার করার বিষয়টি কখনোই আসেনি। তাঁরা যেকোনো সময় লন্ডন ত্যাগ করতে পারবেন। জিজ্ঞাসাবাদের সময় পুলিশের সব প্রশ্নের উত্তর দিয়েছেন ক্রিকেটাররা। কোনো অভিযোগ গঠন ছাড়াই তাঁদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।সাময়িক বহিষ্কৃত তিন ক্রিকেটার সকাল নয়টায় উত্তর লন্ডনের একটি পুলিশ স্টেশনে আসেন। প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয় ১৮ বছর বয়সী ফাস্ট বোলার মোহাম্মদ আমিরকে। একে একে জিজ্ঞাসাবাদ করা হয় সালমান বাট ও মোহাম্মদ আসিফকে। দীর্ঘ ১২ ঘণ্টার এই জিজ্ঞাসাবাদের সময় ক্রিকেটারদের সঙ্গে ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের আইন উপদেষ্টা তফাজ্জল রিজভী ও স্থানীয় আইনজীবী এলিজাবেথ রবার্টসন।জিজ্ঞাসাবাদের পর ক্রিকেটারদের কাছ থেকে বড় ধরনের তথ্য এসেছে কি না এ নিয়ে মুখ খোলেনি লন্ডন পুলিশ। তবে একটি সূত্র জানিয়েছে, আবারও জিজ্ঞাসাবাদের জন্য ক্রিকেটারদের ডাকা হতে পারে।—ক্রিকইনফো