পাকিস্তানের নতুন বোলিং কোচ
ওয়াসিম আকরামের নামের সঙ্গে তাঁর নামের মিল। অনেক সম্ভাবনা জাগিয়ে এই আকরামেরও আন্তর্জাতিক অভিষেক, ১৯৯৫ সালে। কিন্তু নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারেননি মোহাম্মদ আকরাম। মাত্র নয়টি টেস্ট আর ২৩টি ওয়ানডে খেলে ২০০১ সালেই থেমে গেছে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার। দীর্ঘদিন বাইরে থাকার পর আবার আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে যুক্ত হলেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার। ৩৭ বছর বয়সী আকরামকে গতকাল পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।গতকাল পাকিস্তান ক্রিকেট বোর্ডের আন্তর্জাতিক ক্রিকেট পরিচালক ইন্তিখাব আলমই নিশ্চিত করেছেন আকরামের নিয়োগের বিষয়টি। চুক্তিটা হয়েছে মাত্রই এক বছরের। আরেক সাবেক ফাস্ট বোলার আকিব জাভেদের স্থলাভিষিক্ত হলেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের সহকারী কোচের দায়িত্ব নিতে গত মার্চেই পাকিস্তানের বোলিং কোচের চাকরিটা ছেড়ে দেন আকিব। তাঁর শূন্যস্থান পূরণে প্রার্থী ছিলেন দুজন। আকরামের সঙ্গে আরেক প্রার্থী ছিলেন ইংল্যান্ডের স্টুয়ার্ট বার্নস। আগস্টে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে বার্নসকে পাওয়া যাবে না বলে বেছে নেওয়া হয়েছে আকরামকে। নতুন ভূমিকায় সাবেক এক পেসার কতটা সফল হন, সেটাই দেখার। এএফপি।