পাকিস্তানের নতুন যুগের সূচনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট জয়ের স্বাদ যেন ভুলেই যেতে বসেছিল পাকিস্তান। ১৯৯৫ সালের নভেম্বরের পর গতকাল এই প্রথম অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জিতল পাকিস্তান; ম্যাচের হিসাবে ১৬ টেস্ট পর। অস্ট্রেলিয়ার কাছে হেরেছে সর্বশেষ ১৩টি, কোনো এক দলের বিপক্ষে হারের বিশ্ব রেকর্ড! আসলে সব দলের বিপক্ষেই পাকিস্তানের অবস্থা ভয়াবহ। গত সাড়ে তিন বছর আর সর্বশেষ ১৯ টেস্টে এটি তাদের দ্বিতীয় জয়! আপনার বিবেচনায় এ জয়কে যা-ই মনে হোক না কেন, পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা একে নতুন যুগের সূচনা হিসেবেই দেখছেন।সাবেক টেস্ট অধিনায়ক মঈন খান ক্রিকইনফোকে বলছেন, ‘এ জয়ের মাধ্যমে আমি পাকিস্তান ক্রিকেটে নতুন যুগের সূচনা দেখতে পাচ্ছি। তরুণ ক্রিকেটাররা দেখিয়েছে, কঠিন কন্ডিশনেও তারা লড়াইয়ের যোগ্যতা রাখে। নতুন অধিনায়কের নেতৃত্বে তাদের জয়টাই প্রমাণ করে, পাকিস্তান ক্রিকেট সঠিক পথেই রয়েছে।’মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফের বোলিংকে ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুসের বোলিংয়ের সঙ্গে তুলনা করেছেন রশিদ লতিফ। সাবেক এ অধিনায়ক বলছেন, ‘ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুসের পর এ প্রথম তাদের মানের বোলিং দেখলাম। পাকিস্তানের বোলিংয়ে নতুন প্রাণ এনে দিয়েছে আমির। আর যেকোনো বিশ্বমানের ব্যাটসম্যানকে হার মানানোর ক্ষমতা রাখে আসিফ।’তরুণদের এ সাফল্যের পর সিনিয়র ক্রিকেটারদের দল থেকে ঝেড়ে ফেলার দাবি তুলেছেন আবদুল কাদির। সাবেক এই লেগস্পিনার ও প্রধান নির্বাচক বলছেন, ‘এ জয় থেকে দলের অনেক শেখার আছে। ইউসুফ ও ইউনুস খানের অধ্যায়ে ইতি টেনে দেওয়া উচিত। এমনকি দলের সিনিয়রদেরও এই বলে সতর্ক করে দেওয়া উচিত যে খারাপ করলে দলের বাইরে যেতে হবে।’