লর্ডসের মেঘলা আকাশের মতোই বিষণ্ন দেখাল শহীদ আফ্রিদির মুখ। এটা অবশ্য পাকিস্তানের প্রথম ইনিংসের সময়ে। প্রথম ইনিংসে করা অস্ট্রেলিয়ার ২৫৩ রানের জবাবে পাকিস্তান ১৪৮ রানে অলআউট হয়ে যাওয়ার পর এ রকমই হওয়ার কথা। দিন শেষে অবশ্য অত মুখভার থাকেনি আফ্রিদির। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ১০০ রানের মধ্যেই যে ৪ উইকেট ফেলে দিতে পেরেছেন তাঁর বোলাররা।২২৯ রানে প্রথম দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া, হাতে ছিল মাত্র একটি উইকেট। আফ্রিদির জন্য বিরক্তির কারণ হয়ে ওঠা অস্ট্রেলিয়ার শেষ উইকেট জুটিটা ভাঙেন মোহাম্মদ আমির, ডগ বলিঙ্গারকে ফিরিয়ে দিয়ে। ততক্ষণে অবশ্য মাইক হাসির সঙ্গে মিলে শেষ উইকেটে ৩১ রান যোগ করে ফেলেছেন এই বোলার। হাসি শেষ ব্যাটসম্যান হিসেবে অপরাজিত ছিলেন ৫৬ রানে।অস্ট্রেলিয়াকে এত কম রানে বেঁধে ফেলেও পাকিস্তান খুব একটা সুবিধা করতে পারবে কি না, সেই আলোচনা শুরু হয়ে গিয়েছিল ইনিংসের বিরতিতেই। প্রথম ইনিংসে পাকিস্তানের সাম্প্রতিক ভঙ্গুরতা তো বটেই, আলোচনার রসদ ছিল লর্ডসের মেঘলা আবহাওয়া। বোলিং-সহায়ক কন্ডিশন আর পাকিস্তানি ব্যাটসম্যানদের ব্যর্থতা—দুই মিলে আড়াই শর মতো রান তুলেও অস্ট্রেলিয়ার লিড ছিল ১০৫ রানের!কাল লাঞ্চের আগেই পাকিস্তানকে জোড়া ধাক্কা উপহার দিয়ে ২ উইকেটে ৪৯ রান বানিয়ে দেন বেন হিলফেনহস। তবে পাকিস্তানের আসল ঘাতক শেন ওয়াটসন। পাকিস্তানের ৫ ব্যাটসম্যানকেই শুধু তুলে নেননি, এর মধ্যে আছে দুটো গুরুত্বপূর্ণ উইকেটও। প্রথমে আফ্রিদি, টেস্ট অধিনায়কত্বও যাঁকে পরিণত করতে পারেনি। ধুমধাম ব্যাট চালিয়ে (১৫ বলে ৩১, দুটি ৬, চারটি ৪) আউট হয়ে দলকে ফেলে গেছেন অকূল পাথারে। ওয়াটসনের আরেকটি গুরুত্বপূর্ণ উইকেট সালমান বাট। এক প্রান্ত আগলে রাখা এই ওপেনারকে সরিয়ে দিয়ে পন্টিংকে চিন্তামুক্ত করেছেন। নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে বাট অবশ্য ৬৩ রান করে গেছেন।বল হাতে ক্যারিয়ার-সেরা (৫/৪০) বোলিং করা ওয়াটসন ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসেও বিফল। প্রথম ইনিংসের ৪ রানের পর দ্বিতীয় ইনিংসে করেছেন ৩১ রান। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে মোহাম্মদ আসিফ প্রথম ধাক্কাটাও দেন ওয়াটসনকে তুলে নিয়ে। অধিনায়ক পন্টিংকে ফিরিয়ে দেন শূন্য হাতে। শেষ বিকেলে অস্ট্রেলিয়াকে জোড়া ধাক্কা দেন উমর গুল। পর পর দুই বলে তুলে নেন তিনি মাইকেল ক্লার্ক ও মাইক হাসিকে। আলোর স্বল্পতার কারণে দিনের খেলা শেষ হয়ে যাওয়ার আগে আর কোনো উইকেট পড়েনি অস্ট্রেলিয়ার। ক্যাটিচের (৪৯) সঙ্গে উইকেটে ছিলেন নাইটওয়াচম্যান হিসেবে নামা জনসন (২)। অস্ট্রেলিয়া এগিয়ে আছে ২০৫ রানে।