পাকিস্তানের পাশে ‘উদ্বিগ্ন’ আইসিসি
২০০৭ সালের ডিসেম্বরের পর থেকে গত আড়াই বছরে পাকিস্তান টেস্টই খেলেছে মাত্র ১২টি। এই ১২ টেস্টের মাত্র দুটি আবার তাদের নিজেদের মাটিতে।ছবিটা উদ্বেগের। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট যত কম হবে, তরুণদের মধ্যে ক্রিকেট নিয়ে আগ্রহ ততটাই কমে আসবে বলে আশঙ্কা রয়েছে। হানিফ মোহাম্মদ, জাভেদ মিয়াঁদাদ, জহির আব্বাস, ইমরান খানদের দেশের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে আইসিসি তাই উদ্বিগ্ন। কী করে দেশটির ক্রিকেট সপ্রাণ রাখা যায়, তা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের অভিভাবক সংস্থাটি ভাবছে। এরই মধ্যে আইসিসি একটা ভালো উদ্যোগও নিয়েছে। সংস্থাটির পক্ষ থেকে গ্রেগ চ্যাপেল আর মাইক ব্রিয়ারলিকে শুভেচ্ছাদূত নিয়োগ দেওয়া হয়েছে। পাকিস্তানে যত দিন না আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে, তত দিন আইসিসির পক্ষ থেকে বিশেষ দলও দেশটিতে পাঠানোর ঘোষণা দিয়েছেন হারুন লরগাত। প্রয়োজনে তিনি নিজে পাকিস্তানে সফর করতে রাজি আছেন বলে জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী।সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক চ্যাপেল আর সাবেক ইংলিশ অধিনায়ক ব্রিয়ারলি পাকিস্তানের ক্রিকেটের পাশে দাঁড়ানোর বাকি ক্রিকেট-বিশ্বকে অনুপ্রাণিত করার জন্য কাজ করবেন। সদ্যসমাপ্ত লর্ডস টেস্ট চলার সময় এই ঘোষণাগুলো দিয়েছেন লরগাত। পাকিস্তানের নিরাপত্তা নিয়ে শঙ্কা সব সময়ই ছিল। অস্ট্রেলিয়া যেমন গত ১২ বছরে একবারও পাকিস্তানে সফর করেনি। পরিস্থিতি চূড়ান্ত খারাপের দিকে এগোয় গত বছর মার্চে শ্রীলঙ্কা দলের ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলায়। এর পর থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডও জোর দিয়ে কাউকে আমন্ত্রণ জানাতে পারছে না তাদের দেশে।সমাধান একটা হয়েছে নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজটা যেমন ইংল্যান্ডে গিয়ে আয়োজন করছে পিসিবি। কিন্তু এটা কোনো ভালো সমাধান নয়। লরগাতও মনে করেন, মাঠে গিয়ে আন্তর্জাতিক ক্রিকেট দেখতে না পেলে তরুণদের মধ্যে খেলাটির জনপ্রিয়তা কমে যেতে পারে। কিন্তু শিগগিরই দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর সম্ভাবনাও তিনি দেখছেন না। বিকল্প হিসেবে আইসিসির নির্বাচিত একাদশ, তরুণ একাদশ কিংবা সাবেক ক্রিকেটারদের নিয়ে গড়া দল পাকিস্তানে পাঠানোর প্রস্তাব দিয়েছেন লরগাত। এএফপি।