আসন্ন বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে পাকিস্তান। এই দলে নেই ম্যাচ পাতানোর সন্দেহে থাকা সাবেক অধিনায়ক শোয়েব মালিক। তবে এই একই সন্দেহের স্পটলাইটের মধ্যে থাকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান কামরান আকমল অবশ্য এই দলে রয়েছেন। তালিকায় নেই লেগ স্পিনার দানিশ কানেরিয়াও। সংযুক্ত আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনুষ্ঠিত পাকিস্তানের ‘হোম সিরিজে’ কানেরিয়া দলে থাকলেও শেষ পর্যন্ত খেলতে পারেননি। ম্যাচ ফিক্সিং কেলেংকারিতে জড়িত সন্দেহেই আবুধাবি যাওয়ার এক দিন আগেই তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়। সেই থেকে সব ধরনের ক্রিকেটের বাইরেই তিনি।ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির সন্দেহে কামরান আকমল থাকলেও তাঁর সঙ্গে আইসিসির ছাড়পত্র থাকায় তিনি বিশ্বকাপের ৩০ জনের প্রাথমিক দলে বিবেচিত হয়েছেন। তবে পিসিবি এখনো পরিষ্কার করে জানায়নি, শোয়েব ও কানেরিয়ার ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা রয়েছে কি না।এরই মধ্যেই বিশ্বকাপে অংশ নেওয়া প্রায় সব দলই ৩০ জনের প্রাথমিক দল ঘোষণা দিয়ে দিলেও আইসিসির কাছে বিশেষ অনুমতি নিয়েই পাকিস্তান তাদের দল ঘোষণায় দেরি করেছে। গত বছরের ১৯ ডিসেম্বর ছিল বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করার শেষ দিন। পাকিস্তান আইসিসির কাছে ৫ জানুয়ারি পর্যন্ত এই সময়সীমা বৃদ্ধি করে।আসিফ-আমির-সালমান বাটরা তদন্ত চলার কারণে এই দলে অন্তর্ভুক্ত হননি। তবে ফাওয়াদ আলমের এই দলে অন্তর্ভুক্ত না হওয়া নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে পাকিস্তান ক্রিকেটে। খুব সীমিত সুযোগ পেয়েও ফাওয়াদের ওয়ানডেতে ব্যাটিং গড় প্রায় ৪০; এর পরও তিনি দলে নেই। জানা গেছে, সব নির্বাচক ফাওয়াদকে নিতে চাইলেও কেবল একজন নির্বাচকের আপত্তির কারণে তিনি দলে সুযোগ পাননি।পাকিস্তানের প্রাথমিক বিশ্বকাপ দল: মোহাম্মদ হাফিজ, আহমেদ শেহজাদ, তৌফিক উমর, নাসির জামশেদ, মোহাম্মদ ইউসুফ, ইউনুস খান, মিসবাহ-উল-হক, উমর আকমল, আজহার আলী, আসাদ শফিক, নাভিদ ইয়াসিন, কামরান আকমল, সরফরাজ আহমেদ, সালমান আহমেদ, শহীদ আফ্রিদি, আবদুল রাজ্জাক, ইয়াসির আরাফাত, রানা নাভিদ-উল-হাসান, আবদুল রেহমান, সাঈদ আজমল, ইয়াসির শাহ, জুলফিকার বাবর, শোয়েব আকতার, উমর গুল, ওয়াহাব রিয়াজ, সোহেল তানভীর, তানভীর আহমেদ, জুনায়েদ খান, আয়াজ চিমা, আসাদ আলী। ক্রিকইনফো।