পাকিস্তান সর্বশেষ ইডেনে যখন খেলেছিল, জন রাইট তখনো ভারতের কোচ। শচীন টেন্ডুলকার সীমিত ওভারের ক্রিকেটে অপরিহার্য সদস্য। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিংও করতে হচ্ছে রাহুল দ্রাবিড়কে। দৃশ্যপটে মহেন্দ্র সিং ধোনির আবির্ভাব তখনো হয়নি। গত আট বছরে অনেক কিছুই পাল্টে গেছে। ভারত আশা করবে, আরও একটা ব্যাপার যেন পাল্টে যায়—ইডেনের সঙ্গে পাকিস্তানের সুসম্পর্ক!কলকাতার এই ঐতিহাসিক মাঠ যে পাকিস্তানের লাহোর কিংবা করাচি! ভুলই বলা হলো। নিজেদের হোম ভেন্যুর সঙ্গেও এত সুসম্পর্ক বোধ হয় থাকে না। ইডেনে যে পাঁচ ম্যাচের চারটিই জিতেছে পাকিস্তান, তিনটিই ভারতের বিপক্ষে। এই মাঠে ভারতের কাছে কখনো হারতে হয়নি পাকিস্তানকে। সর্বশেষ ২০০৪ সালের ম্যাচটিতে ২৯২ করেও পার পায়নি ভারত। ৬ উইকেটের বড় জয়ই পেয়েছিল পাকিস্তান। এই সুসম্পর্ক অটুট থাকলে আগামীকালই এখানে সিরিজের মীমাংসা করে ফেলবে মিসবাহ-উল হকের দল। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে কাল এখানেই মুখোমুখি ভারত-পাকিস্তান।সর্বশেষ ম্যাচটি খেলেছেন এমন খেলোয়াড়দের মধ্যে পাকিস্তান দলে এখনো আছেন ইউনুস খান, শোয়েব মালিক আর কামরান আকমল। ভারতের দলটায় আছেন মাত্র দুজন—যুবরাজ সিং ও বীরেন্দর শেবাগ। সেই ম্যাচে ৫৩ রানের একটা ঝোড়ো ইনিংস খেলা শেবাগ অবশ্য আগামীকাল একাদশে জায়গা পাবেন—এটা জোর দিয়ে বলা যাচ্ছে না। তিন ধরনের ক্রিকেটে সর্বশেষ ৩০ ইনিংসে মাত্র এক সেঞ্চুরি ও দুই ফিফটি। দুটো টি-টোয়েন্টিতেই ভালো করা, গৌতম গম্ভীরের সঙ্গে ভালো শুরু এনে দেওয়ার পরও অজিঙ্কা রাহানেকে বসিয়ে রাখা হয়েছিল প্রথম ওয়ানডেতে। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেননি গত ম্যাচে ৪ রানে বোল্ড হয়ে ধসের শুরুটা করে দিয়ে যাওয়া শেবাগ।ভারত অবশ্য নতুন বছরে নতুন করে শুরু করার প্রত্যয় নিয়ে মাঠে নামবে। ২০১২ সালটাই খুব একটা ভালো যায়নি ৫০ ওভারের বিশ্বকাপের চ্যাম্পিয়নদের। বছর শুরু করেছিল অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে। শেষ হয়েছে ২৮ বছর পর ইংল্যান্ডের কাছে ঘরের মাটিতে টেস্ট সিরিজ হার দিয়ে। ওয়ানডেতেও খুব একটা সুখকর স্মৃতি নেই। এশিয়া কাপের ফাইনালে উঠতে পারেনি। হেরেছে বাংলাদেশের কাছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটেও বাদ পড়েছে।মাঠের বাইরের পারফরম্যান্স অবশ্য দুর্দান্ত। এ বছর সবচেয়ে বেশি আয় করেছে বিসিসিআই। ছয় বছরের চুক্তিতে স্টার টিভির কাছে সম্প্রচার-স্বত্ব বিক্রি করে বোর্ড পেয়েছে তিন হাজার ৮৫১ কোটি রুপি। মানে কিনা প্রতিটা ম্যাচের জন্য স্টার দিচ্ছে ৪০.১১ কোটি রুপি! আইপিএলের পরের পাঁচ মৌসুমের স্পনসর হওয়ার বিনিময়ে পেপসি দিয়েছে ৩৯৬.৮ কোটি রুপিও!তবে মাঠের পারফরম্যান্সই আসল, যেখানে কালকের ইডেন ম্যাচটা অগ্নিপরীক্ষাই ভারতের জন্য। ওয়েবসাইট।