পাকিস্তানের বিপক্ষে বড় হার
এশিয়া কাপ হকি শুরুর আগে ময়দানি প্রস্তুতিতে নিজেদের অবস্থানটা বেশ ভালোভাবেই বুঝতে পারল বাংলাদেশ। আজ মালয়েশিয়ার ইপোহতে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ।
মালয়েশিয়া থেকে অধিনায়ক মামুনুর রহমান জানিয়েছেন, ইপোহতে যে মাঠে পাকিস্তানের বিপক্ষে খেলাটি অনুষ্ঠিত হয়েছে, তা একেবারে আনকোরা হওয়ায় খেলোয়াড়দের খেলতে যথেষ্ট অসুবিধা হয়েছে। প্রথম আলো ডটকমকে মামুনুর রহমান বলেন, ‘পাকিস্তান অনেক শক্তিশালী দল। আজকের ম্যাচে তারা আমাদের ওপর আধিপত্য বিস্তার করেই খেলেছে। এই ম্যাচের ভুলগুলো বাকি কটা দিনে আমরা কাটিয়ে উঠতে পারব আশা করি।’
বাংলাদেশ দলের অন্যতম নিউক্লিয়াস রাসেল মাহমুদ জিমি অবশ্য আজকের খেলা সম্পর্কে কিছুটা হতাশাই পোষণ করেছেন। প্রথম আলো ডটকমকে তিনি জানিয়েছেন, ‘আমরা আজ ভালো খেলতে পারিনি। রক্ষণভাগের ভুলে বাজে কয়েকটি গোলও খেয়েছি।’
মামুনুর রহমানের মতো জিমিও ইপোহর নতুন মাঠে দলের অসুবিধার কথা বলেছেন, ‘মাঠটা একেবারেই নতুন। খেলার সময় বল লাফাচ্ছিল। অনভ্যাসের কারণে খেলতে অসুবিধা হচ্ছিল।’
প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সে হতাশ হলেও হাল একেবারে ছেড়ে দিচ্ছেন না জিমি, ‘আজকের খেলায় খারাপ করেছি। তবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামার আগে আরও দুই দিন অনুশীলন হবে। আশা করছি মাঠের সঙ্গে আমরা মানিয়ে নিতে পারব।’