পাকিস্তানের বিপক্ষে শচীন নেই!
দীর্ঘ ২৩ বছরের ক্যারিয়ারে শুধু ভারতকেই নয়, পুরো ক্রিকেট বিশ্বকেই নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন শচীন টেন্ডুলকার। ব্যাটিং রেকর্ডের বেশির ভাগই নিজের করে নিয়েছেন ভারতের এই ব্যাটিং বিস্ময়। এমন এমন কিছু মাইলফলক গড়েছেন, যা এখন পর্যন্ত প্রায় অলঙ্ঘনীয় বলেই বিবেচনা করা হচ্ছে। কিন্তু শেষ সময়ে এসে খানিকটা বিব্রতকর পরিস্থিতির মুখেই হয়তো পড়তে যাচ্ছেন শচীন। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজটিতে খেলার ইচ্ছা থাকলেও লিটল মাস্টার পড়তে পারেন নির্বাচকদের খড়গের মুখে। শেষ পর্যন্ত যদি তেমনটাই হয়, তাহলে দুই যুগের বেশি সময়ে এবারই প্রথমবারের মতো নির্বাচকদের কারণে ভারতের ওয়ানডে দল থেকে বাদ পড়বেন তিনি।বেশ কিছুদিন ধরেই ভারতের ক্রিকেট অঙ্গনে টেন্ডুলকারের অবসর গ্রহণ নিয়ে জোর বিতর্ক চলছে। সাম্প্রতিক সময়ে তাঁর বাজে পারফরম্যান্সের কারণে অনেকেই ৩৯ বছর বয়সী শচীনকে অবসরে যাওয়ার পরামর্শ দিয়েছেন খোলাখুলিভাবে। ভারতের আরেক ক্রিকেট কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার তো বলেই ফেলেছিলেন যে, শচীনের খেলায় বয়সের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। ২০১২ সালে মোট ১০টি একদিনের ম্যাচ খেলেছেন টেন্ডুলকার। এর মধ্যে মাত্র একটি ম্যাচেই শতকের দেখা পেয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। গত মার্চে বাংলাদেশের বিপক্ষে করেছিলেন ইতিহাসগড়া সেই শততম শতকটি। গত মার্চেই পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেটি খেলেছিলেন সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। জুলাই-আগস্টে ভারতের শ্রীলঙ্কা সফরের ওয়ানডে সিরিজেও অংশ নেননি তিনি। এরপর তিনি খেলেছেন ছয়টি টেস্ট ম্যাচ। এগুলোতে আরও বেশি ব্যর্থতার মুখ দেখেছেন টেন্ডুলকার। ছয়টি টেস্টে মাত্র ১৯.৪৪ গড়ে তিনি করেছেন ১৭৫ রান। অর্ধশতকের ইনিংস খেলেছেন মাত্র একটি। এই বছরে টানা তিনটি সিরিজের একটিতেও শতকের দেখা পাননি তিনি। এ রকম ভয়াবহ রানখরার কারণেই হয়তো এখন টেন্ডুলকারের ওপর আস্থা হারিয়ে ফেলছেন ভারতের নির্বাচকেরা। তবে এখন টেন্ডুলকার নিজে থেকে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলার আগ্রহ পোষণ করার পরও যদি তাঁকে বাদ দেওয়া হয়, তাহলে টেন্ডুলকারকে সরে দাঁড়াতে বলারই নামান্তর হবে বলে মনে করছেন অনেকেই। ক্রিকেট ক্যারিয়ারের পুরোটা সময়ই ভারতবাসীকে অসংখ্য উল্লাসের মুহূর্ত উপভোগের সুযোগ করে দিলেও এখন শেষ পর্যন্ত এসে টেন্ডুলকারকে এমন বিব্রতকর মুহূর্তের মুখেই পড়তে হচ্ছে। দেবতাতুল্য টেন্ডুলকারকে বাদ দেওয়ার সিদ্ধান্তটা হয়তো ক্রিকেটপাগল ভারতবাসীকেও ক্ষুব্ধ করে তুলতে পারে। আসলেই ঘটনা কেমন দাঁড়াবে, সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে রোববার পর্যন্ত। আগামীকাল মুম্বাইয়ে একটি সভায় আনুষ্ঠানিকভাবে ভারতের ওয়ানডে দল নির্বাচন করবেন ভারতের নির্বাচকেরা। আর শচীনকে দলে রাখা না-রাখা নিয়ে তাঁদের অপ্রিয় পরিস্থিতির মুখেই পড়তে হচ্ছে বলে অনুমান করা যাচ্ছে।