পাকিস্তানের বিশ্বকাপ দলে নেই শুধু তানভীর
ফাস্ট বোলার তানভীর আহমেদের দুঃখটা একটু বেশিই হওয়ার কথা। নিউজিল্যান্ড সফরের ওয়ানডে সিরিজের দলের প্রত্যেকেই আছেন, একমাত্র ব্যতিক্রম হিসেবে পাকিস্তানের বিশ্বকাপ দলে নেই শুধু তানভীর।বিশ্বকাপের ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করলেও একটা ‘চমক’ হয়তো রেখে দিয়েছেন পাকিস্তানের নির্বাচকেরা। ওয়ানডে দলের নেতৃত্বে আছেন শহীদ আফ্রিদি, আর টেস্ট দলের নেতৃত্বে মিসবাহ-উল-হক। স্বাভাবিকভাবেই বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়ার কথা আফ্রিদির। কিন্তু ক্রিকেটের সর্বোচ্চ আসরে পাকিস্তানের অধিনায়কত্ব কে করবেন, তা এখনো ঘোষণা করেননি নির্বাচকেরা।স্পট ফিক্সিংয়ের অভিযোগে আইসিসির সাময়িক নিষেধাজ্ঞায় আছেন সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির। শীর্ষস্থানীয় এই তিন ক্রিকেটার দলে থাকবেন না, তা জানাই ছিল। গুঞ্জন ছিল কামরান আকমল ও শোয়েব মালিকের না থাকা নিয়েও। তাঁদের বিরুদ্ধে নাকি ফিক্সিংয়ের অভিযোগ খতিয়ে দেখছে আইসিসি। তবে সেই গুঞ্জন ছাপিয়ে বাস্তবতা হলো, বিশ্বকাপের লড়াইয়ে আছেন কামরান, মালিক দুজনই।গত বছরের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেছেন মোহাম্মদ ইউসুফ। কিন্তু নিউজিল্যান্ড সফরের ওয়ানডে সিরিজে নেওয়া হয়নি অভিজ্ঞ এই ক্রিকেটারকে। বিশ্বকাপেও ইউসুফের ওপর আস্থা রাখেননি পাকিস্তানি নির্বাচকেরা। ক্রিকইনফো।স্কোয়াড: শহীদ আফ্রিদি, মিসবাহ-উল-হক, মোহাম্মদ হাফিজ, কামরান আকমল, ইউনুস খান, আসাদ শফিক, উমর গুল, আবদুর রাজ্জাক, আবদুর রেহমান, সাঈদ আজমল, শোয়েব আখতার, উমর আকমল, ওয়াহাব রিয়াজ, সোহেল তানভীর ও আহমেদ শেহজাদ।