পাকিস্তানের বৃষ্টি-হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানকে হতাশ করে কলম্বো টেস্টের দ্বিতীয় দিনের মতো বৃষ্টির হামলায় তৃতীয় দিনটাও শেষ হলো আগেভাগে। দ্বিতীয় দিনে খেলা হয়েছিল ৪৪.২ ওভার। আর কাল সফরকারীদের হতাশায় ডুবিয়ে খেলা হতে পারল মাত্র ২৭.৪ ওভার। সিরিজে সমতা আনতে মরিয়া পাকিস্তান কাল সকালে ব্যাটিং করেছে ওয়ানডে মেজাজে। ১২.৪ ওভারেই ৬৩ রান তুলে যখন মিসবাহ-উল-হক ইনিংস ঘোষণা করেন, পাকিস্তানের রান ৬ উইকেটে ৫৫১। দ্বিতীয় দিনে ৪০ বলে ২৯ রান করা অধিনায়ক শেষ ৪০ বলে করেছেন ৩৭ রান। ২ ছক্কার সাহায্যে ১৩ বলে ১৮ রান করেছেন আবদুর রেহমান। মিসবাহর আশাটাকে এরপর আরও উজ্জ্বল করে তোলেন জুনাইদ খান। থারাঙ্গা পারানাভিতানাকে শর্ট লেগে আজহার আলীর হাতে ক্যাচ দিতে বাধ্য করেন এই পেসার। এরপরই পাকিস্তানের হতাশার শুরু। বৃষ্টির আগে তিলকারত্নে দিলশান ও কুমার সাঙ্গাকারার ৫৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ইনিংস মেরামত করে নিয়েছে শ্রীলঙ্কা, দিন শেষে তাদের রান ১ উইকেটে ৭০। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হতে পারে আজ এবং আগামীকালও। এএফপি।