পাকিস্তানের বোলার কম দেখছেন ইমরান
পাকিস্তান আগে ফেবারিট ছিল না। কিন্তু প্রথম দুটি ম্যাচ জিতেই ১৯৯২ বিশ্বকাপজয়ী দলটি ঢুকে পড়েছে ফেবারিটের তালিকায়। মোটামুটি সবকিছুই তাদের ভালো যাচ্ছে, কেমন যেন শুভ শুভ আবহ ছড়িয়ে পড়েছে তাদের ঘিরে। কিন্তু বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের মনে হচ্ছে, সামনের দিকে এই দলটিকেই হয়তো ধুঁকতে হবে। কারণ কী? তাঁর মনে হচ্ছে, একজন বোলার কম নিয়ে খেলছে শহীদ আফ্রিদির দল। খেলা থেকে রাজনীতিতে আসা ইমরান বলেছেন, ‘যদিও আমরা শ্রীলঙ্কার সঙ্গে জিতেছি, তবুও আমার দৃঢ়বিশ্বাস, পাকিস্তান একজন বোলার কম নিয়ে খেলছে এবং দলে একজন ব্যাটসম্যান অথবা অলরাউন্ডারের জায়গায় একজন বোলার নেওয়া প্রয়োজন।’ইমরানের যুক্তি, শক্তিশালী প্রতিপক্ষ ও ভালো ব্যাটিং পিচে পাকিস্তানের বোলিংকে ধুঁকতে হবে, ‘এখন পর্যন্ত বিশ্বকাপে আমাদের বোলাররা ভালো করেছে কিন্তু তারা ধাক্কা খাবে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে। আমি মনে করি, তাঁদের হয় সাঈদ আজমল অথবা একজন অতিরিক্ত পেসার নিতে হবে।’ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই অলরাউন্ডারের কাছে আবদুল রাজ্জাককে আট নম্বরে খেলানোকে বাহুল্য মনে হচ্ছে, ‘সরাসরি বলছি ওই জায়গায় ওর প্রতিভার অপচয় হচ্ছে ও উপমহাদেশের কন্ডিশনে নতুন বল হাতে তাকে মানায় না। আমি মনে করি, রাজ্জাক দিয়ে কয়েক ওভার বল করানোর পরিবর্তে পাকিস্তানকে নতুন বলে উইকেট নিতে হবে।’ আগামীকাল কানাডার সঙ্গে খেলবে পাকিস্তান, তবে পেশির চোটের কারণে তাঁর হয়তো খেলা হচ্ছে না এই ম্যাচে। তাঁর পরিবর্তে দেখা যেতে পারে অফ স্পিনার সাঈদ আজমলকে। ইমরানের মনে হচ্ছে, পাকিস্তান দলে বোলার কম হয়ে গেছে। আর ওদিকে উপমহাদেশের আরেক পরাশক্তি ভারতের বোলিংকেই ভীষণ দুর্বল মনে হচ্ছে সবার কাছে। ভারতের সাবেক টেস্ট ব্যাটসম্যান সঞ্জয় মাঞ্জরেকার নিষ্প্রাণ পিচে ভারতীয় বোলিংয়ের কৌশল নিয়েই নতুন করে ভাবতে বলেছেন, বিশেষ করে, অফ স্পিনার হরভজন সিংকে, ‘বিশেষভাবে হরভজনকে ব্যাটিং-বান্ধব পিচে উইকেট তোলার উপায় খুঁজে বের করতে হবে।’ ওয়েবসাইট।