পাকিস্তানের ব্যাটিং কোচ উডহিল
পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ার ট্রেন্ট উডহিল। নিউজিল্যান্ডের সাবেক এই সহকারী কোচকে আপাতত তিন সপ্তাহের জন্য চুক্তিবদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ সময়টায় উডহিলের পারফরম্যান্স সন্তোষজনক মনে হলে চুক্তির মেয়াদ বাড়ানো হবে।আজ মঙ্গলবার ক্রিকইনফোর এক খবরে বলা হয়, জুনে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন লিগে নতুন দায়িত্ব শুরু হবে উডহিলের। সরাসরি ইংল্যান্ডে গিয়ে পাকিস্তান দলের সঙ্গে যুক্ত হবেন তিনি।উডহিলকে ব্যাটিং কোচ করার খবরটি জানিয়েছেন পিসিবির পরিচালক ইন্তেখাব আলম। সাংবাদিকদের তিনি বলেন, উডহিলকে সংক্ষিপ্ত সময়ের জন্য ব্যাটিং কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেটা তিনি গ্রহণ করেছেন। পারফরম্যান্স সন্তোষজনক মনে হলে তাঁর সঙ্গে করা চুক্তির মেয়াদ বাড়ানো হবে।গত বছর থেকে একজন ব্যাটিং কোচ খুঁজছিল পিসিবি। এ জন্য বিজ্ঞাপনও দেওয়া হয়েছিল। বিজ্ঞাপনে সাড়া দিয়ে আবেদন করেছিলেন জহির আব্বাস, সেলিম মালিকসহ পাকিস্তানের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার। তবে পিসিবি এমন একজনকে দায়িত্ব দিতে চেয়েছিল, যাঁর শীর্ষস্থানীয় ক্রিকেটারদের সঙ্গে পাঁচ বছর কাজ করার অভিজ্ঞতা ও অন্তত লেভেল-৩ কোচিং সনদ রয়েছে।৪২ বছর বয়সী উডহিল বর্তমানে আইপিএল ফ্র্যাঞ্চাইজ দিল্লি ডেয়ারডেভিলসের ‘সাপোর্ট স্টাফ’ হিসেবে কাজ করছেন। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে তিনি যুক্ত মেলবোর্ন স্টারসের সঙ্গে। গত বছর পর্যন্ত উডহিল ছিলেন নিউজিল্যান্ড দলের সহকারী কোচ।ইন্তেখাব আলম বলেন, ‘যোগ্যতার জন্যই দেশের সাবেক ক্রিকেটারদের চেয়ে উডহিলকে এগিয়ে রাখা হয়েছে। এখনকার দিনে কোচিং যোগ্যতা খুবই গুরুত্বপূর্ণ। তিনি একজন অভিজ্ঞ কোচ। বিভিন্ন দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও তাঁর রয়েছে। তবে পরীক্ষামূলকভাবে তাঁর সঙ্গে মাত্র তিন সপ্তাহের চুক্তি করেছি আমরা।’