পাকিস্তানের ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার?

ইনজামাম-উল-হককে রাজি করানোর চেষ্টা চলছে। কিন্তু পাকিস্তান ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব নিতে এখনো নিজের চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি সাবেক এই অধিনায়ক। পিসিবি এখন এই পদের জন্য ঝুঁকছে বিদেশের দিকেই। সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য সঠিক হলে পাকিস্তানের ব্যাটিং কোচে হতে যাচ্ছেন সাবেক জিম্বাবুইয়ান অধিনায়ক গ্র্যান্ট ফ্লাওয়ার।
জিম্বাবুয়ে ক্রিকেটের বিখ্যাত ‘ফ্লাওয়ার ভাই’দের ছোটজন অবশ্য এই পদে নিয়োগ পাওয়ার চেষ্টা করে যাচ্ছেন আগে থেকেই। তিনি তাঁর জীবনবৃত্তান্তও নাকি পিসিবি বরাবরে পাঠিয়ে রেখেছেন। তবে ব্যাটিং কোচ হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রথম পছন্দ এখনো পর্যন্ত ওই ইনজামামই।
পাকিস্তান ক্রিকেটে ইনজামামের অবস্থানটা অনেক উঁচুতেই। দেশের হয়ে ১২০টি টেস্ট খেলা এই ক্রিকেটার ২০০৩ থেকে ২০০৭ পর্যন্ত অধিনায়ক থাকা কালেই প্রমাণ রেখেছিলেন নিজের অসাধারণ ব্যক্তিত্বের। ইনজামাম ব্যাটিং কোচের দায়িত্বটা নিলে একপ্রকার বর্তেই যায় পাকিস্তান ক্রিকেট বোর্ড।
তবে পিসিবির সামনে অন্য একটি পথও খোলা আছে। সেটা হলো ইনজামামকে ব্যাটিং পরামর্শক বানিয়ে গ্র্যান্ট ফ্লাওয়ারকে কোচ হিসেবে নিয়োগ দেওয়া। ইনজামাম ব্যক্তিগত ব্যবসা-সংক্রান্ত কারণে নাকি পাকিস্তান দলের পেছনে পুরোটা সময় দিতে রাজি নন। সে কারণে ব্যাটিং পরামর্শক পদটি তাঁর জন্য অনেক বেশি আকর্ষণীয়।
এদিকে দলের সবচেয়ে গুরুত্ববাহী হেড কোচের পদে খুব সম্ভবত পিসিবি নিয়োগ দিতে যাচ্ছে ওয়াকার ইউনুসকে। ওয়াকার সম্প্রতি এ ব্যাপারে বোর্ড সভাপতি নজম শেঠির সঙ্গে বসেও ছিলেন। এই পদে নিয়োগ পাওয়ার আগে ওয়াকার নিজের কিছু চাহিদা বোর্ড প্রধানকে জানিয়েছেন। এর মধ্যে অন্যতম দুটি হলো সাবেক কোচ ডেভ হোয়াটমোরের সমান মাসিক পারিশ্রমিক ও দল নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা। এই দুটো চাহিদার ক্ষেত্রেই শেঠি তাঁর ইতিবাচক অবস্থান নাকি ওয়াকারের কাছে স্পষ্ট করেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে ওয়াকারই পাকিস্তানের পরবর্তী প্রধান কোচ হতে যাচ্ছেন বলে জানিয়েছে পিটিআই।