পাকিস্তানের ব্যাটিং কোচ হতে চান মালিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাসন শেষে জাতীয় দলে ফিরতে চান আবার। না, এই বয়সে তো আর খেলোয়াড় হিসেবে ফেরা সম্ভব নয়। তবে পঞ্চাশের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা সেলিম মালিক ফিরতে চান কোচ হিসেবে। পাকিস্তান জাতীয় দলের ব্যাটিং কোচ পদের জন্য আবেদন করেছেন ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে জড়িয়ে নিষিদ্ধ হওয়া সাবেক পাকিস্তান অধিনায়ক।টেস্টে ৫ হাজার ৭৬৮ এবং ওয়ানডেতে ৭ হাজার ১৭০ রানের মালিক এই সাবেক মিডল অর্ডার ব্যাটসম্যানের আবেদন গুরুত্বের সঙ্গেই বিবেচনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি এর আগেও অবশ্য একবার তাঁকে কোচ করে ক্রিকেটে ফেরাতে চেয়ে ব্যর্থ হয়েছে। ২০০৮ সালে লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমির কোচ করা হয়েছিল তাঁকে। কিন্তু আইসিসির আপত্তির মুখে পিসিবিকে সেই সিদ্ধান্ত বাতিল করতে হয়। এবারও যে আইসিসি আপত্তি জানাবে না—সেই নিশ্চয়তা মালিক পাচ্ছেন না। তবে তাঁর দাবি, ২০০৮ সালের অক্টোবরে পাকিস্তানের একটি আদালত তাঁর আজীবন নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ফলে আইনি বাধা আর নেই বলেই মনে করেন মালিক। যদিও পাকিস্তানের সেই আদালতের রায়কে এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি আইসিসি।পিসিবি অবশ্য জানিয়েছে, মালিকের যোগ্যতা বিবেচনার পাশাপাশি আইনি বৈধতার ব্যাপারটিও ভেবে দেখা হবে। পিসিবি মুখপাত্র নাদিম সারওয়ার অবশ্য বলেছেন, মালিক যোগ্য কি না, সেটি নির্বাচন করার ভার পিসিবির নয়। জহির আব্বাস, নওশাদ আলী এবং রমিজ রাজাকে নিয়ে একটি কোচিং কমিটি করে দিয়েছে পিসিবি। এই কমিটিই প্রধান কোচ হিসেবে ডেভ হোয়াটমোর, ফিল্ডিং কোচ হিসেবে জুলিয়েন ফাউন্টেন এবং বোলিং কোচ হিসেবে মোহাম্মদ আকরামকে নিয়োগ দিয়েছে। মালিক অবশ্য আরেক জায়গায় পিছিয়ে আছেন। কোচ হিসেবে তাঁর কোনো প্রশিক্ষণও নেওয়া হয়নি। যে যোগ্যতা এখন পিসিবির অন্যতম চাহিদা। শেন ওয়ার্ন-মার্ক ওয়াহদের জবানবন্দিতে উঠে এসেছিল মালিক তাঁদের ম্যাচ পাতানোর প্রস্তাব দিয়েছিলেন। এরপর ২০০০ সালে একটি তদন্ত কমিটির সুপারিশে তাঁকে আজীবন নিষিদ্ধ করা হয়। এএফপি।