পাকিস্তানের ব্যাটিং কোচ হতে পারেন জাভেদ মিয়াঁদাদ
মাঠের বাইরে নানা রকম কেলেঙ্কারি আর বিতর্ক পাকিস্তান ক্রিকেটকে বেসামাল অবস্থায় নিয়ে গেছে। তার ওপর যোগ হয়েছে মাঠের লড়াইয়ের ব্যর্থতা। ব্যাটসম্যানদের লাগাতার ব্যর্থতায় দলের জন্য একজন বিশেষজ্ঞ ব্যাটিং কোচের দাবিটা তাই যথেষ্টই উচ্চকণ্ঠ। দলের জন্য ব্যাটিং কোচ দরকার—ব্যাপারটি নিয়ে কোনো দ্বিমত নেই পিসিবি কর্তাব্যক্তিদের মধ্যে। তবে মতভেদটি ছিল এই ব্যাটিং কোচ দেশি কোনো সাবেক ক্রিকেট গ্রেট হবেন নাকি তাঁকে বিদেশ থেকে আনা হবে। পিসিবি সভাপতি ইজাজ বাট অবশ্য আগেই বলেছিলেন, বিদেশি কোচ আনার ব্যাপারে তিনি খুব একটা আগ্রহী নন। এমন একটা পরিস্থিতিতে শেষ পর্যন্ত ব্যাটিং কোচ হিসেবে জাভেদ মিয়াঁদাদের নিয়োগের ব্যাপারে একপ্রকার সিদ্ধান্ত নিয়েই ফেলেছে পিসিবি। তবে মিয়াঁদাদের ব্যাপারে পিসিবির সিদ্ধান্তের চেয়ে খোদ পাকিস্তান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির হস্তক্ষেপই নাকি বেশি অবদান রেখেছে বলে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে পাকিস্তানের আসন্ন নিউজিল্যান্ড সফরের আগেই দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন পাকিস্তান ক্রিকেটের এই ব্যাটিং কিংবদন্তি।এর আগে বিভিন্ন সময়ে তিনবার পাকিস্তানের মূল কোচ হিসেবে কাজ করেছেন মিয়াঁদাদ। গত বছর চ্যাম্পিয়নস ট্রফির আগে ব্যাটিং কোচ হিসেবেও কিছুদিন কাজ করেছিলেন। পিসিবির শীর্ষ কর্মকর্তা ওয়াসিম বারিও স্বীকার করেছেন, পিসিবি এই পদের জন্য কিছু বিদেশি ক্রিকেটারের সঙ্গে আলোচনা শুরু করার কথা ভাবছিল, কিন্তু পাকিস্তানের প্রেসিডেন্টের সুপারিশেই মিয়াঁদাদকে কোচ হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। তবে পাকিস্তান দলের ম্যানেজার ইন্তিখাব আলম এ ব্যাপারে এখনো কিছু জানেন না বলে জানিয়েছেন। পিটিআই।