পাকিস্তানের ব্যাটিং পরামর্শক ইনজামাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইমাসের শেষে দুইটি টি-টোয়েন্টি ও তিনটি একদিনের ম্যাচ খেলতে ভারত সফরে যাবে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে জয় পাওয়ার জন্য তাই প্রস্তুতিটা বেশ ভালোমতোই নিতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই লক্ষ্যে পাকিস্তানের ব্যাটিং অর্ডার আরো শক্তিশালী করার জন্য ব্যাটিং পরামর্শক হিসেবে ইনজামাম উল হককে নিয়োগ দিয়েছে পিসিবি। ভারত সফরে দলের সঙ্গে যেতে না পারলেও চূড়ান্ত প্রস্তুতির সময় ব্যাটসম্যানদের নিয়ে কাজ করবেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।ভারত সফরকে সামনে রেখে আগামীকাল শুক্রবার থেকে এক সপ্তাহব্যাপী একটি প্রশিক্ষণ ক্যাম্প শুরু করতে যাচ্ছেন পাকিস্তানি ক্রিকেটাররা। এই সময়ের জন্য পাকিস্তানের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করতে রাজি হয়েছেন ইনজামাম উল হক। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি জাকা আশরাফ সাংবাদিকদের বলেছেন, ‘ইনজামাম অনুশীলনে ব্যাটসম্যানদের সহায়তা করবেন। কিন্তু খুবই ব্যস্ত থাকার কারণে তিনি দলের সঙ্গে ভারত সফরে যেতে পারবেন না।’পাকিস্তানি ব্যাটসম্যানদের দক্ষতা বাড়ানোর জন্য দীর্ঘদিন ধরেই একজন ব্যাটিং কোচের সন্ধানে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। সীমিত সময়ের জন্য হলেও ইনজামামের উপস্থিতি দলের জন্য অনেক প্রেরণাদায়ক হবে বলে মনে করছে পিসিবি। ১২০টি টেস্ট ও ৩৭৮টি ওয়ানডে খেলা ইনজামামকে বিবেচনা করা হয় পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে।দীর্ঘ পাঁচ বছর পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে দ্বি-পাক্ষিক কোন সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান। প্রথমেই দুইটি টি-টোয়েন্টি ম্যাচের পর তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত ও পাকিস্তান।— ডন অনলাইন