পাকিস্তানের ভবিষ্যৎ উজ্জ্বল: মিসবাহ
শ্রীলঙ্কা সফরের টেস্ট ও ওয়ানডে দুটি সিরিজেই হার। তবে অধিনায়ক মিসবাহ-উল-হকের বিশ্বাস আজহার আলী, আসাদ শফিক ও জুনায়েদ খানের মতো তরুণ ক্রিকেটারের পারফরম্যান্সের জন্যই পাকিস্তানের ভবিষ্যৎ উজ্জ্বল।পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-১ ব্যবধানে হার। তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হার। আর দুই ম্যাচের টি-টোয়েন্টিতে ১-১-এ সমতা। ব্যর্থতায় মোড়ানো সফর শেষে গতকাল শনিবার দেশে ফিরেছে পাকিস্তান দল। লাহোরে উপস্থিত সাংবাদিকদের মিসবাহ বলেন, ‘ওয়ানডে ও টেস্ট সিরিজে দলের হার হতাশাজনক। ওয়ানডে সিরিজটা জিততে পারতাম আমরা। কিন্তু গত দুই ম্যাচে বাজে ফিল্ডিংয়ের কারণে তা কারতে পারিনি।’সাবেক অস্ট্রেলীয় ব্যাটসম্যান ডেভ হোয়াটমোরকে দলের প্রধান কোচের দায়িত্ব দিয়েছে পাকিস্তান। কয়েক মাস ধরে ফিল্ডিং কোচের দায়িত্বে আছেন ইংল্যান্ডের জুলিয়ান ফাউন্টেন। শ্রীলঙ্কা সফরে তাই ভালো কিছুই আশা করেছিল পাকিস্তান। বাস্তবতা হলো, আশা পূরণের ধারে-কাছেও যেতে পারেনি মিসবাহ-উল-হকের দল।পাকিস্তানি দৈনিক ‘ডন’ এ প্রকাশিত খবরে বলা হয়েছে, মিসবাহ আশায় বুক বেঁধেছেন তরুণদের ওপর। তিনি বলেন, ‘ফিল্ডিং নিয়ে আমরা হতাশ। টেস্টে হারও দুর্ভাগ্যজনক। কিন্তু আজহার আলী, আসাদ শফিক ও জুনায়েদ খানের পারফরম্যান্স পাকিস্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করবে।’মিসবাহ বলেন, ‘টেস্টে জুনিয়র খেলোয়াড়েরা দারুণ করেছে। ওদের পারফরম্যান্সের জন্য বলতে পারি, আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। কঠিন পরিস্থিতির মধ্যেও ভালো খেলেছে তরুণেরা।’টেস্ট সিরিজে দুটি সেঞ্চুরি করেন আজহার আলী। আসাদ শফিকের দুর্দান্ত সেঞ্চুরিতে পাল্লেকেলে টেস্ট ড্র করতে সক্ষম হয় পাকিস্তান। তিন টেস্টে বাঁ-হাতি পেসার জুনায়েদ খানের শিকার ১৪ উইকেট।টি-টোয়েন্টি দলের অধিনায়ক মোহাম্মদ হাফিজ মনে করেন, অনভিজ্ঞতার কারণেই দুই ম্যাচের সিরিজ জয় করতে পারেনি তাঁর দল। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে আমরা হেরেছিলাম, কারণ দলের বেশ কয়েকজন খেলোয়াড় নতুন। কিন্তু দ্বিতীয় ম্যাচেই জয়ের দেখা পাই আমরা।’