পাকিস্তানের ভারত-জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিনোদনের সবচেয়ে বড় উৎসবের আগের দিন ভারত-পাকিস্তান লড়াই। ম্যাচটাকে তাই বলা হচ্ছিল ‘অ্যাপিটাইজার’। এই মূল খাবারের আগের ব্যঞ্জনটা কিন্তু দারুণ মুখরোচক হলো। আগামী তিন সপ্তাহ কী অপেক্ষা করছে ধুম-ধাড়াক্কা ক্রিকেটের ভক্তদের জন্য, তার একটা ‘ট্রেলার’ দেখাল যেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী। রান-বন্যার ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারাল পাকিস্তান। মাঠের কমিয়ে আনা আয়তন আর নিখাদ ব্যাটিং উইকেটে দুই দলেরই বোলাররা ছিলেন অসহায়, কিন্তু টি-টোয়েন্টিতে বোলারদের কথা কজনই বা ভাবে! রান-ফোয়ারাই তাই জোগালো বিনোদনের খোরাক। ছোটখাটো একটা ইতিহাসও কিন্তু গড়ে ফেলেছে পাকিস্তান। বিশ্বকাপে এই প্রথম হারাল ভারতকে! হ্যাঁ, মূল টুর্নামেন্ট নয়। কিন্তু পাশে ‘বিশ্বকাপ’ শব্দটা থাকলেই যে পাকিস্তানের জন্য ভারত হয়ে ওঠে অজেয়! ওয়ানডে বিশ্বকাপে ৫ লড়াইয়ে সব ম্যাচ, ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুবার তো বটেই, ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচেও চিরশত্রুদের কাছে হেরেছিল পাকিস্তান। হাফিজ বাহিনী তাই একরকম অসাধ্য সাধন করল! কদিন আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭৪ রানে গুটিয়ে যাওয়া দল কাল জিতল ১৮৫ তাড়া করে!উইকেট যতই ভালো হোক, ১৮৫ রান তাড়া করতে গেলে বিশেষ কিছু করতে হয়। কামরান আকমল খেলেছেন তেমনই একটা ইনিংস। দুই বলের ব্যবধানে ইমরান নাজির (১৩) ও নাসির জামশেদ (০) ফিরে যাওয়ার পর উইকেট গিয়েছিলেন। অধিনায়ক হাফিজের (২৯ বলে ৩৮) সঙ্গে ৫১ রানের জুটিতে দলকে রেখেছিলেন জয়ের রাস্তায়। কিন্তু অশ্বিনের দারুণ বোলিংয়ে হঠাৎই পথহারা পাকিস্তান। দুই ওভারেই মধ্যে হাফিজ (২৯ বলে ৩৮), আফ্রিদি (০) ও উমর আকমলকে (২) তুলে নিলে দ্বাদশ ওভারে পাকিস্তান ৫ উইকেটে ৯১ রানে পরিণত হয়। বড় আকমল যোগ্য সঙ্গী পেয়ে যান এরপর শোয়েব মালিককে। শেষ ৬ ওভারে প্রয়োজন ছিল ৭৫। জহিরের ওভার থেকে আসে ১৯, পরের ওভারে হরভজন ১১, বালাজির করা পরের ওভার থেকে ১৬। অশ্বিন (৪/২৩) আবার একটু রাশ টেনে ধরেছিলেন, কিন্তু বালাজি-হরভজনদের তুলাধোনা করে পাকিস্তান জিতে যায় ৫ বল বাকি থাকতেই। ৫ চার ও ৬ ছয়ে ৫০ বলে ৯২ করে অপরাজিত থাকেন কামরান আকমল। দুটি করে চার-ছয়ে ১৮ বলে অপরাজিত ৩৭ মালিক। ফেরার ম্যাচে হরভজন ৪ ওভারে দিয়েছেন ৪০ রান।ভারতের ইনিংস শুরু হয়েছিল শেবাগ-ঝড়ে (১৪ বলে ২৬)। বিরাট কোহলি যথারীতি ছিলেন দুরন্ত (৪৭ বলে ৭৫*), রান-খরা কাটিয়েছেন রোহিত শর্মাও (৪০ বলে ৫৬)। কিন্তু আরও একবার ভারতের ব্যাটিং-সাফল্য আড়াল হয়েছে বোলিং-ব্যর্থতায়।ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার জয়অন্য দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে হারিয়েছে ৯ রানে। অ্যালেক্স হেলস (৩৮ বলে ৫২), লুক রাইট (২৯ বলে ৩৫) ও জস বাটলার (১৬ বলে ৩০) ইংলিশদের এনে দেয় ১৭২ রান। মাইক হাসির ৫১ বলে ৭১ ও শেন ওয়াটসনের ২৬ বলে ৩৭ রানও যথেষ্ট হয়নি অস্ট্রেলিয়াকে জেতাতে। একই ব্যবধানে দক্ষিণ আফ্রিকা হারিয়েছে নিউজিল্যান্ডকে। এবি ডি ভিলিয়ার্সের ৩০ বলে ৫৪ রানে প্রোটিয়ারা তোলে ১৮৬। ৭ ছক্কায় টেলরের ৪২ বলে ৭৫ রানের ঝড় সামলে দলকে জয় এনে দেন ডেল স্টেইন (৪/২৫)। আফগানিস্তানের ১২২ রান টপকে ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জিতে যায় ক্রিস গেইলের ৪৮ বলে অপরাজিত ৬৫ রানে। ওয়েবসাইট।