পাকিস্তানের লক্ষ্য ১৪০ রান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে জয়ের জন্য পাকিস্তানকে ১৪০ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে শ্রীলঙ্কা। অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে ও তিলকারত্নে দিলশানের ভালো ব্যাটিংয়ে শুরুটা ভালোভাবে করলেও পরবর্তী সময় সেই অনুপাতে রান সংগ্রহ করতে পারেননি লঙ্কান ব্যাটসম্যানরা। জয়াবর্ধনে করেছেন দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান। দিলশানের ব্যাট থেকে এসেছে ৩৫ রান।টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোভাবেই করেছিলেন দুই লঙ্কান ওপেনার মাহেলা জয়াবর্ধনে ও তিলকারত্নে দিলশান। উদ্বোধনী জুটিতেই তাঁরা যোগ করেছিলেন ৬৩ রান। ১১তম ওভারে এই জুটি ভেঙে পাকিস্তান শিবিরে স্বস্তি ফেরান শহীদ আফ্রিদি। ৩৬ বলে ৪২ রান করে ফিরে যান জয়াবর্ধনে। এক ওভার পর শ্রীলঙ্কার আরেক ব্যাটিং-ভরসা কুমার সাঙ্গাকারার উইকেটও তুলে নেন মোহাম্মদ হাফিজ। এরপর রানের গতি খানিকটা কমে যায় স্বাগতিকদের। তৃতীয় উইকেট জুটিতে ৩৩ রান যোগ করেন দিলশান ও জীবন মেন্ডিস। এই রান তাঁরা করেন পাঁচ ওভার ব্যাট করে। ৪৩ বলে ৩৫ রান করে ১৮তম ওভারে আউট হন দিলশান। শেষ পর্যায়ে থিসারা পেরেরার ১১ ও অ্যাঙ্গেলো ম্যাথুসের ১০ রানের সুবাদে স্কোরবোর্ডে ১৩৯ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।