ডোয়াইন ব্রাভো আগে ব্যাট করতে চেয়েছিলেন। গায়ানায় টস হেরেও ব্যাটিং পাওয়ায় তাই খুশিই হলেন। কিন্তু সেটা কিছুক্ষণের জন্য। প্রথম ওভারেই মোহাম্মদ ইরফানের বলে কট বিহাইন্ড হয়ে ক্রিস গেইল ফিরে গেলেন। কিছুক্ষণের জন্য ম্লান ব্রাভোর মুখ। শুরুর এই ধাক্কাটা অবশ্য পরে সামাল দিয়ে উঠেছে স্বাগতিকেরা। ‘ব্রাভো ব্রাদার্স’ ও কাইরন পোলার্ডের ব্যাটে ভর করে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৮ উইকেটে ২৩২ রান। তাড়া করতে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১১ ওভারে ১ উইকেটে ৩৮ রান। ব্যাট করছিলেন নাসির জামশেদ (১২) ও মোহাম্মদ হাফিজ (১)। ১৯ রানে ফিরে গেছেন আহমেদ শেহজাদ। ক্রিকইনফো।
প্রথম ওভারের শেষ বলে গেইল (১) ফিরে যাওয়ার পর ৭৯ রানের জুটি গড়লেন ড্যারেন ব্রাভো-জনসন চার্লস। তবে শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ যে লড়ার মতো পুঁজি গড়েছে, তার কৃতিত্ব এই দুজন ছাড়াও অধিনায়ক ডোয়াইন ব্রাভো (৪৩*) ও পোলার্ডের (২৭ বলে ৩০)। ষষ্ঠ উইকেটে তাঁরা গড়েছেন ৭০ রানের জুটি। মূলত এ দুজনের কারণেই শেষ ১০ ওভারে ৭৭ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।