পাকিস্তানের সঙ্গে খেলতে চান না স্মিথরা!
সন্ত্রাসী হামলার ভয়ে অন্য সব দল পাকিস্তানে যেতে রাজি না হওয়ায় এমনিতেই অস্বস্তিতে আছে দেশটি। এবার তাদের জন্য আরও অপমানজনক খবর দিল ইংলিশ দৈনিক টেলিগ্রাফ। ফিক্সিংয়ের নতুন অভিযোগ ওঠার পর পাকিস্তানের বিপক্ষে আগামী মাসের সিরিজটা নাকি খেলতে চান না দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা! তাদের ক্রিকেট বোর্ড অবশ্য বলছে, সিরিজ নিয়ে কোনো শঙ্কা নেই।আবুধাবিতে একমাত্র টি-টোয়েন্টি দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের ‘হোম’ সিরিজ শুরু হওয়ার কথা আগামী ২৭ অক্টোবর। এরপর আবুধাবি ও দুবাইয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ। কিন্তু সাম্প্রতিক বিতর্কে পাকিস্তানের বিপক্ষে খেলার আগ্রহ পাচ্ছেন না দক্ষিণ আফ্রিকার সিনিয়র ক্রিকেটাররা। নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র ক্রিকেটার টেলিগ্রাফকে বলেছেন, ‘খেলতে চাই না বললে অনেকে ভুল বুঝতে পারে। ব্যাপারটা হলো, কেউ জানে না পাকিস্তান ক্রিকেটে কী সব হয়ে যাচ্ছে। আমাদের মনে হচ্ছে এ রকম পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের মতো জায়গায় গুরুত্বপূর্ণ একটি সিরিজ খেলা মানে আরও বিপদ ডেকে আনা।’উদ্ভূত পরিস্থিতিতে করণীয় নিয়ে কিছু সুপারিশও করেছেন ওই ক্রিকেটার, ‘হয়তো এখনই সময় আইসিসির জোরালো ভূমিকা রাখার অথবা পাকিস্তান নিজেরাও আন্তর্জাতিক ক্রিকেট থেকে বছরখানেকের জন্য নিজেদের সরিয়ে রাখতে পারে। পরিস্থিতির উন্নতি হলে, তাদের ও ক্রিকেটের ওপর মানুষের বিশ্বাস ফিরে এলে তারা আবার ফিরতে পারে।’ দক্ষিণ আফ্রিকা ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী টনি আইরিশও বলেছেন, বেশ কয়েকজন ক্রিকেটার সিরিজটা নিয়ে চিন্তিত। যদিও তাঁর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ছিল সতর্ক, ‘নতুন অভিযোগ ওঠা ও তদন্ত শুরুর খবরটা ভালো নয়। পাকিস্তানের বিপক্ষে আমাদের সিরিজ নিয়ে শঙ্কা ও সন্দেহের কালো মেঘ দূর করতে শিগগিরই ব্যবস্থা নেওয়া দরকার।’তবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী জেরাল্ড মাজোলার দাবি, কোনো ক্রিকেটার এখনো বোর্ডের কাছে এমন কিছু জানায়নি। আর ক্রিকেটারদের আপত্তি থাকলেও সিরিজ নিয়ে আপাতত শঙ্কা নেই, ‘সিরিজটা আইসিসির এফটিপির অধীনে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় সিরিজ। আইসিসি সিরিজ বাতিল করেনি এবং ম্যাচ পাতানোর বিতর্কটা তারা খতিয়ে দেখছে। আমাদের তাই সিরিজ বাতিল করার কোনো কারণই নেই।’ নির্বাচক কমিটির আহ্বায়ক অ্যান্ড্রু হাডসনও জানিয়েছেন, আগামী সপ্তাহে ঘোষণা করা হবে দল।পিসিবি অবশ্য এ মুহূর্তে এসব নিয়ে ভাবছে না। তাদের না জানিয়েই নতুন অভিযোগের তদন্ত শুরু করায় পিসিবি চটেছে আইসিসির ওপর। পিসিবি জানিয়েছে, এত বড় একটা খবর মিডিয়ার মাধ্যমে জানতে হলো বলে তারা হতাশ। তদন্ত চলাকালেই তিন ক্রিকেটারকে নিষিদ্ধ করায় কদিন আগেও পিসিবি চটেছিল আইসিসির ওপর। এর আগে পাকিস্তানের বিশ্বকাপ ভেন্যু প্রত্যাহারের পর মুখোমুখি হয়েছিল দুই পক্ষ। পিসিবি ক্ষুব্ধ দ্য সান-এর ওপরও। আইসিসিকে জানাতে পারলে পত্রিকাটি পিসিবিকে কেন খবরটি আগেভাগে জানাল না বা ইনিংসের ঠিক কোন সময়টা নিয়ে সন্দেহ, এসব বিস্তারিত না জানানোয় প্রশ্ন তুলেছেন পিসিবির এক কর্মকর্তা। তদন্তের স্বার্থে দ্য সান বা আইসিসি খোলাসা না করলেও ধারণা করা হচ্ছে, সন্দেহের কেন্দ্রে পাকিস্তানের ইনিংসের ৩৯ ও ৪০তম ওভার। আগের ৪ ওভারে ৩৮ রান এলেও এই দুই ওভারে রান হয়েছিল মাত্র ৭, আর খুব দৃষ্টিকটুভাবে আউট হয়েছিলেন ফাওয়াদ আলম ও শহীদ আফ্রিদি। ৩৯তম ওভারের প্রথম বলে ইয়ার্ডিকে আলতো করে চিপ করেছিলেন ফাওয়াদ, অল্পের জন্য ফিল্ডার ক্যাচ নিতে না পারায় ২ রান হয়। পরের বলেই আবার আলতো চিপ করে ক্যাচ দেন ফাওয়াদ। ৪০তম ওভারের প্রথম বলে আলসেমি করে ব্যাট না ফেলায় রানআউট হন আফ্রিদি। পরের চার বলে কোনো রান করতে পারেননি রাজ্জাক।পিসিবি প্রধান ইজাজ বাট নতুন অভিযোগকে বলছেন ‘পাকিস্তান ও পাকিস্তানের ক্রিকেটকে ধ্বংস করার ষড়যন্ত্র।’ পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী ইজাজ জাখরানি ও সাবেক আইসিসি প্রধান এহসান মানি আবার দায় দিচ্ছেন পিসিবিকেই। এসবের মধ্যেই আজ লর্ডসে চতুর্থ ওয়ানডেতে স্বাগতিকদের মুখোমুখি হবে পাকিস্তান। ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে ৯৫ বলে ১০৭ রানের ম্যাচজয়ী ইনিংস খেলার পরদিনই ইংল্যান্ড দলে ফিরেছেন ইয়ান বেল। ওয়েবসাইট।