পাকিস্তানের সফর নিয়ে আশাবাদী উইন্ডিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা পাকিস্তানের। কিন্তু ওই একই সময় ভারত, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে একটি ত্রিদেশীয় সিরিজের পরিকল্পনা থাকায় অনিশ্চিত হয়ে পড়েছিল পাকিস্তানের উইন্ডিজ সফরের বিষয়টি। তবে পাকিস্তান সফর নিয়ে এখনো আশাবাদী ওয়েস্ট ইন্ডিজ। দুই দেশের ক্রিকেট বোর্ড এখনো এ ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।বিবৃতিতে বলা হয়েছে, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সময়সূচি চূড়ান্ত করার জন্য এখনো পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। ‘আমরা এখনো আশাবাদী যে আলাপ-আলোচনার পর পাকিস্তানের সফরটি অনুষ্ঠিত হবে।’ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সফরের সময়সূচি জুনের পরিবর্তে আগস্টে করার প্রস্তাব দেওয়া হয়েছে পাকিস্তানকে। তবে সে সময় পাকিস্তানেরও জিম্বাবুয়ে সফরের পরিকল্পনা আছে। এই সফরটা গত বছর স্থগিত করা হয়েছিল। ফলে শেষ পর্যন্ত পাকিস্তানের ওয়েস্ট ইন্ডিজ সফরটা আদৌ অনুষ্ঠিত হতে পারবে কি না, তা জানার জন্য আরও অপেক্ষা করতে হবে।আগামী জুন থেকে জুলাইয়ে শেষ সপ্তাহ পর্যন্ত দুটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা পাকিস্তানের ওয়েস্ট ইন্ডিজ সফরে। ট্রিবিউন