
অধিনায়কের কথা শুনলেন মোহাম্মদ হাফিজ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারের পর পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক চাইছিলেন ব্যাটসম্যানরা বড় স্কোর এনে দিক। বড় স্কোরই করলেন হাফিজ। হারারেতে কাল পাকিস্তানি অলরাউন্ডারের অপরাজিত ১৩৬ রানে দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তান তোলে ২৯৯ রান। এরপর জিম্বাবুয়েকে ২০৯ রানে অলআউট করে ৯০ রানের জয়। তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। আগামীকাল একই ভেন্যুতে সিরিজের শেষ ম্যাচ।
কাল ১২ রানে ওপেনার আহমেদ শেহজাদের বিদায়ের পরই ক্রিজে আসা হাফিজ ১৩০ বলে ৯ চার ও ৫ ছয়ে করেছেন ১৩৬। পাকিস্তান ৮৪ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর চতুর্থ উইকেটে উমর আমিনকে নিয়ে ১২৯ রানে জুটি গড়েন হাফিজ। ২১৩ রানে আমিনের আউটের পর হাফিজ-আফ্রিদির অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটি মাত্র ৪৫ বলেই ৮৬ রান করে। আফ্রিদি ২৩ বলে ১ চার ৩ ছক্কায় করেছেন ৩৯।
তিন শ রানের লক্ষ্য। শুরুটা ভালো না হলেও জিম্বাবুয়ে এগোচ্ছিল ভালোই। ৩৯তম ওভারে ৪ উইকেট হারিয়ে ২০০ রান তুলে আভাস দিচ্ছিল প্রতিদ্বন্দ্বিতার। ওই ওভারের শেষ বলে ইনিংস-সর্বোচ্চ ৭৯ রান করে অধিনায়ক ব্রেন্ডান টেলরের বিদায়ের পরই বিপর্যয়। এরপর মাত্র ৯ রান তুলতেই অলআউট দলটি। এএফপি, ওয়েবসাইট।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ৫০ ওভারে ২৯৯/৪ (হাফিজ ১৩৬*, আমিন ৫৯, আফ্রিদি ৩৯*, জামশেদ ৩২; ভিটরি ২/৬৮, উতসেয়া ১/৫৪)। জিম্বাবুয়ে: ৪২.৪ ওভারে ২০৯ (টেলর ৭৯, ওয়ালার ৪০, উইলিয়ামস ৩৭, মাসাকাদজা ২৪; জুনাইদ ৪/১৫, রেহমান ২/৩৬, আজমল ২/৪০, ইরফান ১/৪৫)। ফল: পাকিস্তান ৯০ রানে জয়ী।