পাকিস্তানের সর্বনিম্ন স্কোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের পাকিস্তানকে শেষ ম্যাচে খুঁজে পাওয়া যায়নি। কাল দুবাইয়ে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানের জয়ের লক্ষ্য যেখানে ১৬৯, সেখানে ১৬ রান তুলতেই তারা হারিয়ে ফেলে ৪ উইকেট। ১৯.১ ওভারে ৭৪ রানে অল আউট হয়ে ম্যাচ হেরেছে ৯৪ রানে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি পাকিস্তানের সর্বনিম্ন স্কোর। আগের রেকর্ডটি ছিল ৮৯ রানের (২০১০ সালে কার্ডিফে, ইংল্যান্ডের বিপক্ষে)। নিজস্ব প্রথম দুই ওভারে মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স দুটি করে উইকেট নিলে পথ হারিয়ে ফেলে পাকিস্তান। দুই অঙ্কের রান করতে পেরেছেন মাত্র তিনজন—নাসির জামশেদ (১৭), আবদুল রাজ্জাক (১৩) ও ইয়াসির আরাফাত (১৫)।এর আগে টস হারা অস্ট্রেলিয়া ৭ উইকেটে করে ১৬৮ রান। ডেভিড ওয়ার্নার ও শেন ওয়াটসন দলকে দারুণ একটা সূচনা এনে দিয়েছিলেন। ১১তম ওভারেই তাঁরা তুলেছিলেন ১১১ রান। ওয়ার্নার ৩৪ বলে করেন ৫৯ রান, ওয়াটসন ৩২ বলে ৪৭। শেষ দিকে পাকিস্তানের বোলাররা অবশ্য ভালো বোলিং করেছেন—শেষ পাঁচ ওভারে দিয়েছেন ২৭ রান। তবে সেটা সিরিজের সর্বোচ্চ স্কোর গড়া থেকে অস্ট্রেলিয়াকে বিরত রাখতে পারেনি। ওয়েবসাইট।