পাকিস্তানের সামনে পর্বতসম লক্ষ্য
জোহানেসবার্গ টেস্টে জিততে হলে ৪৮০ রান করতে হবে পাকিস্তানকে। লক্ষ্যটা যথেষ্ট কঠিন তো বটেই, ‘প্রায় অসম্ভব’ বললেও বাড়াবাড়ি হবে না। মিসবাহ-উল হকের দল শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হলে সেটি হবে সবচেয়ে বেশির রানের পেছনে ছুটে টেস্ট জয়ের নজির।প্রথম ইনিংসে ২৫৩ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। জবাবে পাকিস্তান গুটিয়ে যায় মাত্র ৪৯ রানে। এটিই টেস্টে পাকিস্তানের সর্বনিম্ন রানের ইনিংস। আজ টেস্টের তৃতীয় দিনে ৩ উইকেটে ২৭৫ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা।৩ উইকেটে ২০৭ রান নিয়ে আজ দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। নিজেদের ইনিংসটা বেশি দূর টেনে নেওয়ার প্রয়োজন মনে করেনি স্বাগতিকেরা। ডি ভিলিয়ার্স সেঞ্চুরির দেখা পাওয়ার পরই নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। ১০৩ রানে অপরাজিত থাকেন ভিলিয়ার্স। তাঁর সঙ্গে ৭৪ রানে অপরাজিত থাকেন হাশিম আমলা। সূত্র: ক্রিকইনফো।