পাকিস্তানের সামনে বড় বিপদ

সন্ধ্যায় দুবাইয়ের আকাশ আবির-রাঙা। আকাশ যেন রক্তচক্ষু হয়ে শাসাচ্ছে কাউকে। কাকে? পাকিস্তানকেই কি?
দুবাই টেস্টের দ্বিতীয় দিনেই পরাজয়ের চোখ রাঙানি সত্যিই পাচ্ছে পাকিস্তান। কুশল সিলভার না-পাওয়া সেঞ্চুরি আর মাহেলা জয়াবর্ধনের পাওয়া সেঞ্চুরিতে হাতে ৬ উইকেট নিয়ে এরই মধ্যে শ্রীলঙ্কার লিড ১৫৩ রানের। প্রায় দুই বছর পর টেস্টে সেঞ্চুরি পেলেন জয়াবর্ধনে। ক্ষুধাটা তাই প্রচণ্ড। তা ছাড়া সেঞ্চুরির ইনিংসটাকে বড় আকার দিতেও সিদ্ধহস্ত এই লঙ্কান। পাকিস্তানের বিপক্ষে তাঁর আগের সেঞ্চুরিটাই ২৪০ রানের এক ইনিংস। এত কিছু এ জন্যই বলা, জয়াবর্ধনে দিন শেষে ১০৬ রানে অপরাজিত।
সাবেক অধিনায়ক জয়াবর্ধনে আর বর্তমান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস মিলে পঞ্চম উইকেটের অবিচ্ছিন্ন জুটিতে এরই মধ্যে ৯১ তুলেও ফেলেছে। পাকিস্তানের সামনে সত্যিই বড় বিপদ।
দিনের আসল কাজটা অবশ্য করেছে অন্য আরেকটি জুটি। প্রথম দিনে ১ উইকেটে ৫৭ রান তুলে ফেলা শ্রীলঙ্কা আজ দিনের শুরুতে দারুণ এক ধাক্কা খেয়েছিল। ৩১ রান যোগ হতে না হতেই ফিরে গিয়েছিলেন কুমার সাঙ্গাকারা ও দিনেশ চান্ডিমাল। ৩ উইকেটে ৮৮—এখান থেকেই ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান সিলভার। মাত্র পঞ্চম টেস্ট খেলতে নামা এই ওপেনারের সঙ্গী পোড় খাওয়া জয়াবর্ধনে। দুজনে মিলে পরের ৫১ ওভারে আর কোনো উইকেটই পড়তে দিলেন না। ১৩৯ রানের জুটিও হয়ে গেল।
আগের টেস্টে আবুধাবিতে ৮১ রান করেছিলেন। প্রাপ্য সেঞ্চুরিটা পাননি। এদিন নব্বইয়ের ঘরে চলে যাওয়া সিলভাকে বেশ আত্মবিশ্বাসীও দেখাচ্ছিল। নিজের ক্যারিয়ারের প্রথম পাঁচ ইনিংসে দুটো শূন্যসহ মাত্র ৬৭ রান করে প্রতিভার পরিচয় দিতে ব্যর্থ হয়েছিলেন। দুই বছর পর দলে ফিরে এই সিরিজেই দেখাচ্ছেন নিজের জাত। কিন্তু সিলভা শেষ পর্যন্ত হাফিজের বলে এলবিডব্লুর ফাঁদে পড়লেন সেঞ্চুরি থেকে ৫ রান দূরে থাকতেই!
সেঞ্চুরি না-পাওয়ার হতাশা সঙ্গী হলেও দলকে কক্ষপথে ফেরানোর তৃপ্তি থাকল সিলভার। আর সেই কক্ষপথে সওয়ার হয়েই এখন শ্রীলঙ্কাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন জয়াবর্ধনে ও ম্যাথুস।