বেলফাস্টে কাল আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ২ ম্যাচের ওয়ানডে সিরিজ পাকিস্তান জিতল ২-০ ব্যবধানে।জয়ের জন্য দ্বিতীয়ার্ধে ব্যাটিংয়ে আসা পাকিস্তানের দরকার ছিল ২৩৯ রান। দলীয় ২ রানে ওপেনার হাফিজকে হারিয়ে দুঃস্বপ্নের মতো শুরু হয়েছিল পাকিস্তানের। শুরুর এই ধাক্কায় স্তিমিত হয়ে পড়েছিল রানের গতি। ১০ ওভারে আয়ারল্যান্ডের স্কোর যেখানে ছিল ৫৩/০, সেখানে ১০ ওভার শেষে পাকিস্তান ৩৫/১। ২০ ও ৩০ ওভারে আয়ারল্যান্ড ও পাকিস্তানের স্কোর ছিল যথাক্রমে ৯২/১, ১৩১/২ এবং ৭৬/২ ও ১০৫/৩। ৪৯ ওভার পর্যন্ত খেলতে হলেও ইউনুস খান (৬৪ রান, ৭৪ বলে) ও উমর আকমলের (৬০* রান, ৪৭ বলে) ফিফটির সুবাদে জয় নিয়েই মাঠ ছেড়েছে পাকিস্তান।এর আগে আয়ারল্যান্ড ইনিংসটি ছিল পল স্টারলিংয়ের ব্যাটিং প্রদর্শনী। ১০৭ বলে ৭টি চার ও ৪টি ছয়ে ১০৯ রান করেছেন স্টারলিং। টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে এটিই তাঁর প্রথম সেঞ্চুরি। এর আগে কানাডার বিপক্ষে ছিল ১৩৪ বলে ১৭৭, বিশ্বকাপে হল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ৭০ বলে। কাল সেঞ্চুরি ছুঁয়েছেন ৯৩ বলে। ক্রিকইনফো।