পাকিস্তানের সিরিজ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিম্বাবুয়ে পাকিস্তান ওয়ানডে সিরিজ
জিম্বাবুয়ে পাকিস্তান ওয়ানডে সিরিজ

ম্যাচটা হবে কি না, সংশয় ছিল সেটা নিয়েই। বেতন-ভাতা নিয়ে আন্দোলনে নামা জিম্বাবুয়ের ক্রিকেটাররা হুমকি দিয়ে রেখেছিলেন শুক্রবারের মধ্যে পাওনা পরিশোধ না করলে খেলবেন না সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে। জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) আমলে নেয়নি হুমকি, পরিশোধ করেনি পাওনা। শেষ পর্যন্ত ম্যাচ বর্জনের পথে হাঁটেননি জিম্বাবুইয়ান ক্রিকেটাররাও। খেলতে নেমেছেন সময়মতোই। তবে আরেকবার জেডসিকে সময় বেঁধে দিয়েছেন তাঁরা। দেওয়া আছে আগামীকালের মধ্যে ঝামেলা না মেটালে টেস্ট সিরিজ বর্জনের হুমকিও।
মাঠের বাইরের অস্বস্তি কাল যেন মাঠেও টেনে আনল জিম্বাবুয়ে। হারারেতে পাকিস্তানের ২৬০ রান তাড়া করে ১৫২ রানেই অলআউট দলটি। ১০৮ রানের হার, সিরিজটাও ২-১ হেরেছে ব্রেন্ডন টেলরের দল। পাকিস্তানি স্পিনারদের ঘূর্ণি বলে দিশেহারা দলটি গুটিয়ে গেছে ৪০ ওভারেই। পাকিস্তানের চার স্পিনার হাফিজ, রেহমান, আজমল ও আফ্রিদি মিলেই নিয়েছেন ৭ উইকেট। অবশিষ্ট তিনটি রানআউট।
টস হেরে ব্যাট করতে নামা পাকিস্তান শুরুটা করেছিল বেশ সতর্কভাবে। নাসির জামশেদ ও আহমেদ শেহজাদ উদ্বোধনী জুটিতে ১৫.৩ ওভারে তোলেন ৬৬ রান। জামশেদের বিদায়ের কিছু পরে আহত হয়ে মাঠ ছাড়েন মোহাম্মদ হাফিজ। ৩৩তম ওভারে ৫৪ রান করে শেহজাদ যখন আউট হন, পাকিস্তানের রান মাত্র ১১৯। এরপর উমর আমিনের ২৫ বলে করা ৩৩ রানেই গতি পায় দলটির ইনিংস। অধিনায়ক মিসবাহ-উল-হক এক প্রান্ত ধরে রেখে করেছেন সর্বোচ্চ ৬৭ রান। শেষ ১০ ওভারে পাকিস্তান তুলেছে ৯৪ রান। এএফপি।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ৫০ ওভারে ২৬০/৬ (মিসবাহ ৬৭, শেহজাদ ৫৪, জামশেদ ৩৮, আমিন ৩৩; চাতারা ৩/৪৮, হ্যামিল্টন ১/৯)। জিম্বাবুয়ে: ৪০ ওভারে ১৫২ (ওয়ালার ৪৮, টেলর ২৬, হ্যামিল্টন ২৫, উতসেয়া ২৩; আজমল ২/১৫, রেহমান ২/২৩, হাফিজ ২/৪০)।
ফল: পাকিস্তান ১০৮ রানে জয়ী। সিরিজ: পাকিস্তান ২-১-এ জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: মিসবাহ-উল-হক। ম্যান অব দ্য সিরিজ: মোহাম্মদ হাফিজ।