পাকিস্তানের সিরিজ জয়ের স্বপ্ন
পাকিস্তান সর্বশেষ কবে টেস্ট সিরিজ জিতেছিল? সেই ২০০৬ সালের নভেম্বর মাসে। নিজেদের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০ ব্যবধানে জয়। তার পর থেকে দেশে, দেশের বাইরে ৯টি সিরিজ খেলেছে পাকিস্তান, ৬টিতেই হেরেছে; ড্র হয়েছে বাকি ৩টি। পাকিস্তানের ক্রিকেটাররা হাহাকার করে বলতে পারেন—একটা সিরিজ জয় আর কত দূর!বেশি দূর নয়। পাকিস্তানের নবতম টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক বলছেন, আজ থেকেই সিরিজ জয়ের হাহাকার ঘোচানোর টেস্ট শুরু হচ্ছে তাদের। অধিনায়ক হয়ে দলে ফেরা মিসবাহর বিশ্বাস, ‘আমাদের আত্মবিশ্বাস এখন বেশ উঁচুতে। আমরা এই দ্বিতীয় টেস্টটা জয়ের জন্য আমাদের সেরা চেষ্টাটা করব।’মিসবাহর এই আত্মবিশ্বাস কোত্থেকে আসছে, তা অনুমান করাই যায়। আত্মবিশ্বাসের মূলে দুবাইয়ের প্রথম টেস্টে পাকিস্তানের পারফরম্যান্স, তার নিজের ব্যাটিং, সর্বোপরি আরেক প্রত্যাবর্তন নায়ক ইউনুস খানের দুর্দান্ত ব্যাটিং।দুবাইয়ে প্রথম টেস্টের শেষ দিনে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ৩৪২ রান; দক্ষিণ আফ্রিকার ৮ উইকেট। পরিস্থিতি ও ইতিহাস বিবেচনায় দক্ষিণ আফ্রিকার দিকেই ম্যাচ হেলে ছিল।কিন্তু দক্ষিণ আফ্রিকার সহজ কাজটাকে অসম্ভব বানিয়ে দিয়েছিলেন ইউনুস খান। আগের দিন ৩৭ রান করে ইউনুসের সঙ্গী হয়ে থাকা আজহার আলী শেষ দিনের প্রথম সেশনেই ৬৩ রান করে আউট হয়ে গিয়েছিলেন; হ্যারিসের বলে ভেঙেছিল তৃতীয় উইকেটে ৮২ রানের জুটি। এর পরই শুরু ইউনুস-মিসবাহ প্রতিরোধের পর্ব। ১১ রান নিয়ে দিন শুরু করা ইউনুসই নেতৃত্বে ছিলেন এ পর্বের। ৫৭ ওভারে চতুর্থ উইকেটে ১৮৬ রান যোগ করে অপরাজিত থেকে গেলেন ইউনুস-মিসবাহ। এই জুটি গড়ার পথে ইউনুস খান ক্যারিয়ারের ১৭তম টেস্ট সেঞ্চুরির দেখা পান। দিনের খেলা যখন শেষ হয়, ইউনুস তখন ২৩০ বলে ৯টি চার ও ৪টি ছয়ে সাজানো ১৩১ রানের ইনিংস খেলে অপরাজিত। সঙ্গী অধিনায়ক মিসবাহ অপরাজিত ১৮৫ বলে ৭৬ রান করে; মিসবাহর ইনিংসে ৮টি চার ও ১টি ছয়।মিসবাহ বলছেন, তাঁর নিজেকে নিয়ে সব ভয়-সংশয় কেটে গেছে এই ইনিংস খেলে। এখন মনে হচ্ছে তিনি পারবেন, পাকিস্তান পারবে। কিন্তু ইউনুসের ইনিংসে কী প্রমাণ হলো? প্রমাণ হলো, সেই সিডনি টেস্টের পর থেকে এই ব্যাটসম্যানকে বসিয়ে রেখে যা কিছু লোকসান হয়েছে, তা পাকিস্তানেরই! ওয়েবসাইট।