পাকিস্তানের সিরিজ বাঁচানোর লড়াই
‘দ্য কাউন্টিং ইজ ওভার’—গায়ানা টেস্ট শেষে বারবাডোজের এক শীর্ষ পত্রিকা যেন লিখেছিল ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট-সংশ্লিষ্ট সবার মনের কথা। যে ‘কাউন্টিং’ শুরু হয়েছিল ২০০৯ সালের ফেব্রুয়ারিতে, সেটার আপাত অবসান হয়েছে গায়ানা টেস্ট জিতে। আজ শুরু সেন্ট কিটস টেস্ট থেকে ক্যারিবিয়ানরা শুরু করবে নতুন গণনা। প্রশ্ন হলো, সেটা কি পুরোনো গণনাই হবে নাকি নতুন? মানে আবারও পরাজয়ের গণনা, না জয়ের?‘মাত্রই একটা জয়। আমরা কঠোর পরিশ্রম করে যাব, চেষ্টা করে যাব উন্নতির’—গত টেস্ট শেষেই জানিয়ে দিয়েছেন ড্যারেন স্যামি। পাকিস্তানের জন্য এই চেষ্টাটাই কঠিন। ক্যারিবিয়ানে প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন শেষ প্রথম টেস্টেই। মিসবাহর দল সেন্ট কিটসে নামবে সিরিজ বাঁচানোর লড়াইয়ে। মিসবাহ-উল-হকের বিশ্বাস, প্রথম টেস্টের ইতিবাচক দিকগুলো থেকেই শেষ টেস্টের অনুপ্রেরণা খুঁজে নেবে তাঁর দল। ম্যাচ শুরুর আগে সবার কৌতূহল উইকেট নিয়ে। গায়ানা টেস্ট শেষে ড্যারেন স্যামি বললেন, ‘ওয়ার্নার পার্কের উইকেট প্রভিডেন্সের মতোই।’ ৪০ উইকেটে ৭১৬ রান, উইকেটপ্রতি রান ১৭.৯, চার ইনিংসে একটি ফিফটি—ভারী ব্যাট আর নিষ্প্রাণ উইকেটের এই যুগে গায়ানা যেন টেস্ট ক্রিকেটকে ফিরিয়ে নিয়েছিল সেই অতীতে। স্যামির কথা সত্যি হলে সেন্ট কিটসে অপেক্ষা করছে এমন কিছু! তবে ইতিহাস কিন্তু স্যামির দাবিকে সাক্ষ্য দিচ্ছে না। ২০০৬ ও গত বছর দুটি টেস্ট হয়েছে ওয়ার্নার পার্কে, দুটি ম্যাচই ছিল হাই-স্কোরি ও দুটিই ড্র। ওয়েবসাইট।