পাকিস্তানের স্পিন নিয়ে ভাবছেন বেইলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জর্জ বেইলি
জর্জ বেইলি

জর্জ বেইলি ঢাকা এসেই বলেছিলেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপটা তাঁরা জিততেই এসেছেন। আগামীকাল রোববার প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে অস্ট্রেলীয় অধিনায়ক অবশ্য ভাবছেন পাকিস্তানের স্পিন আক্রমণ নিয়ে।
প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে পাকিস্তান মানসিকভাবে পিছিয়ে আছে—এমনটা যাঁরা ভাবছেন, তাঁদের দলে নেই বেইলি। তিনি বরং পাকিস্তানকে কিছুটা এগিয়ে রাখতে চান—খেলাটা বাংলাদেশের মাটিতে হচ্ছে বলে আর দলটিতে সাঈদ আজমল, মোহাম্মদ হাফিজদের মতো স্পিনার আছে বলে, ‘আমার মনে হয় না পাকিস্তানের বিপক্ষে খেলাটা খুব সোজা হবে। কারণ, তারা খেলছে বাংলাদেশের মাটিতে, পরিচিত কন্ডিশনে। এ কারণে তারা হয়তো কিছুটা সুবিধাই পাবে।’
মিরপুরের মাঠে খেলাটাও নিজেদের জন্য একটা চ্যালেঞ্জ হিসেবেই দেখতে চান তিনি, ‘আমরা এই মাঠে খেলিনি। এমনকি কোনো প্রস্তুতি ম্যাচও আমরা এখানে খেলিনি। তাই খেলা শুরু হওয়ার পর খুব দ্রুতই এই মাঠের কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে হবে।’
মিচের জনসনকে আগেই হারিয়েছে অস্ট্রেলিয়া। হাঁটুর চোট কাল মাঠে নামতে দেবে না অলরাউন্ডর জেমন ফাকনারকে, ‘ফাকনার এখনো তার চোট কাটিয়ে উঠতে পারেনি। সে এখনো পর্যবেক্ষণে আছে। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে সম্প্রতি অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়েছে।’

নিজ দলের ব্যাটিং-বোলিং নিয়ে কোনো খেদ অথবা অভিযোগ নেই বেইলির, বরং তিনি এ ক্ষেত্রে এগিয়ে রাখতে চাইলেন দলের ব্যাটিংকে ‘আমাদের বোলিংটা ভালো, তবে ব্যাটিংটা বোলিংয়ের চেয়ে ভালো’।

সেমিফাইনালে জায়গা করে নিতে হলে যে ধারাবাহিক হতে হবে সেটা আবারও সবাইকে মনে করিয়ে দিয়েছেন তিনি, ‘ধারাবাহিকতা সাফল্যের পূর্বশর্ত। সেমির দেখা পেতে হলে পুরো প্রতিযোগিতাতেই আমাদের ধারাবাহিক হতে হবে। টি-টোয়েন্টিতে একটি ভালো ওভার, একটি দুর্দান্ত ক্যাচ কিংবা একটি ব্যাটিং ইনিংসই খেলায় পার্থক্য গড়ে দেওয়ার জন্য যথেষ্ট।’