পাকিস্তানের স্পিনেই শেষ শ্রীলঙ্কা
শেষ ওভার, রান চাই ১০। পাকিস্তান পারবে? দ্বিতীয় বলেই ডাউন দ্য উইকেটে এসে এক্সট্রা কাভার দিয়ে মোহাম্মদ হাফিজের চার! যেন বুঝিয়ে দিতে চাইলেন, ‘পারব!’ কিন্তু শেষ পর্যন্ত ওই ওভারে দশের বদলে এল পাঁচ রান।এতক্ষণ যা পড়লেন সেটি ছিল কাল দিনের সম্ভাব্য শেষ ওভার। ওই ওভারেই জয় আসবে নাকি আরও দু-এক ওভার খেলতে হবে, এ নিয়েই যা একটু অনিশ্চয়তা ছিল। তা ছাড়া পাকিস্তানের জয় ছিল নিশ্চিত। নিশ্চিত করেছেন তা স্পিনাররা, নির্দিষ্ট করে বললে সাঈদ আজমল। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ২৫৭ রানে অলআউট। প্রথম ইনিংসে পাওয়া লিডের সৌজন্যে জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৯৪ রান। হাতে দুই দিন মিলিয়ে চার সেশন আর ১০ উইকেট!পাকিস্তান খেলাটি পঞ্চম দিনে টেনে নিতে রাজি ছিল না। শুরু থেকেই তাই ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়েছেন হাফিজ। তার পরও তাদের জন্য বরাদ্দ ২৩ ওভারে পাকিস্তান শেষ পর্যন্ত রানটা তুলে নিতে পারেনি। পারত, যদি হাফিজ ওই ওভারটায় পাঁচের বদলে দশই তুলতে পারতেন। তবে ২৩ ওভার শেষে যেহেতু পাকিস্তানের দরকার ছিল আর মাত্র পাঁচ রান, খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তই নেন দুই আম্পায়ার। পাকিস্তানও আর দেরি করেনি। ৯ উইকেটে জিতে এগিয়ে গেছে সিরিজে।এই উইকেট শ্রীলঙ্কার কঠিন পরীক্ষার পূর্বাভাস দিয়েছিল তৃতীয় দিনেই। স্পিনারদের জন্য রীতিমতো স্বর্গ হয়ে গিয়েছিল উইকেট। পাকিস্তানি স্পিনাররা টার্ন-বাউন্স দুটোই পাচ্ছিলেন। কাল তাই বেশির ভাগ সময়টাই বোলিং করে গেলেন আজমল ও রেহমান। দিনের চতুর্থ ওভারেই রেহমানের বলে এলবিডব্লু হন প্রথম টেস্টে শ্রীলঙ্কার ত্রাতা কুমার সাঙ্গাকারা।শুরুতে রেহমানের এই আঘাত হলেও দিনের নায়ক কিন্তু আজমল। ক্যারিয়ারে চতুর্থবারের মতো ইনিংসে ৫ উইকেট তুলে নিয়েছেন এই অফ স্পিনার। ইনিংস-সর্বোচ্চ ৭২ রান করে হুমকি হয়ে ওঠা থারাঙ্গা পারানাভিতানাকে ফিরিয়েছেন, হুমকি হয়ে ওঠার সুযোগই দেননি মাহেলা জয়াবর্ধনেকে। মাত্র ১৪ রানের মধ্যে ফেলে দিয়েছেন শ্রীলঙ্কার শেষ ৩ উইকেট। পাকিস্তানের জয় নিশ্চিত হয়ে গেছে সেখানেই।সাড়ে পাঁচ বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ পেল পাকিস্তান। এখন সাড়ে পাঁচ বছর পর সিরিজও জিতবে কি না, সেটি বলবে শারজা টেস্ট। ৩ নভেম্বর শারজায় শুরু সিরিজের শেষ টেস্ট। ওয়েবসাইট।