পাকিস্তানের স্বস্তি, সতর্ক হোয়াটমোর
সফরটা আদৌ হবে কি না, এটা নিয়েই শঙ্কা ছিল। তবে শেষ মুহূর্তে জিম্বাবুয়ে ক্রিকেটাররা ক্রিকেট বোর্ডের সঙ্গে সমঝোতায় পৌঁছানোয় আপাতত স্বস্তিতে পাকিস্তান। তবে দলের মধ্যে একটা স্বস্তির হাওয়া বইলেও ক্রিকেটারদের একটা সতর্কবার্তাও দিয়েছেন পাকিস্তানের কোচ ডেভ হোয়াটমোর। প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলে যেন ওদের হালকা করে দেখা না হয়!
আগে গড়েছিলেন তাঁরা নিজেদের দাবি আদায়ের সংগঠন। ম্যাচ ফি বাড়ানোর আন্দোলনের অংশ হিসেবে জিম্বাবুয়ের ক্রিকেটাররা পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে অনুশীলনই করেছিলেন বর্জন। তবে দুই দিন একের পর এক বৈঠক করে শেষ পর্যন্ত ক্রিকেটারদের সঙ্গে আপসের রাস্তাই বেছে নিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট। খেলোয়াড়েরাও আবার ফিরেছেন অনুশীলনে। জিম্বাবুয়ের উদ্দেশে আগামীকাল দেশ ছাড়ার প্রস্তুতি নিয়ে রাখা ডেভ হোয়াটমোরের দল খবরটা শুনে স্বস্তিতে। এমনিতেই নিরাপত্তার অজুহাতে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ দীর্ঘদিন। তার ওপর যদি প্রতিপক্ষ দলের অভ্যন্তরীণ ঝামেলায় সফর বাতিল হয়ে যেত ক্ষতিটা পাকিস্তানেরই হতো বেশি।
কাগজে-কলমে দুই দেশের শক্তির ফারাক বিস্তর। টেস্ট র্যাঙ্কিংয়ে পাকিস্তান পঞ্চম, ওয়ানডেতে ষষ্ঠ আর টি-টোয়েন্টিতে দুই নম্বর। অন্যদিকে জিম্বাবুয়ে পর্যাপ্ত টেস্ট খেলতে না পারায় র্যাঙ্কিংয়েই নেই, ওয়ানডেতে দশম আর টি-টোয়েন্টিতে দ্বাদশ। তাদের নিচে শুধু হল্যান্ড আর কেনিয়া! তবে তাই বলে প্রতিপক্ষকে হালকা করে দেখতে রাজি নন পাকিস্তান কোচ, ‘আমরা হয়তো জিম্বাবুয়ের বিপক্ষে খেলছি, কিন্তু তার পরও এই সিরিজটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আত্মতুষ্টি খুব বিপজ্জনক হতে পারে। কোনো ধরনের আত্মতুষ্টি নিয়ে আমরা খেলতে চাই না।’
২৩ আগস্ট টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তান-জিম্বাবুয়ে সিরিজ। ২৭ আগস্ট হারারেতে হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি। একই মাঠে প্রথম টেস্ট শুরু হবে ৩ সেপ্টেম্বর। ক্রিকইনফো।